Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ১৯, ২০২৫

যুবভারতী বিশৃঙ্খলায় গ্রেফতার বেড়ে ৯, শতদ্রু দত্তর বাড়িতে তল্লাশি পুলিশের

আরম্ভ ওয়েব ডেস্ক
যুবভারতী বিশৃঙ্খলায় গ্রেফতার বেড়ে ৯, শতদ্রু দত্তর বাড়িতে তল্লাশি পুলিশের

লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়ল। যুবভারতীতে তাণ্ডব চালানোর অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ। এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়াল ৯-এ।

গত শনিবার মেসির অনুষ্ঠান ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় যুবভারতী। দর্শকদের একাংশ চেয়ার ভাঙচুর করে, গোলপোস্ট ছিঁড়ে ফেলে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি চালায়। ঘটনার পর প্রথমে দু’দফায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার ভিডিও ফুটেজ ও ছবি খতিয়ে দেখে আরও তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।

নতুন করে গ্রেফতার হওয়া তিনজন হলেন রাজু দাস ওরফে গোপাল দাস, সৌম্যদীপ দাস ওরফে পাপ্পু এবং তন্ময় দে ওরফে দুষ্টু। বিধাননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেকটাউন ও নাগেরবাজার এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ মনে করছে, ধৃতদের জেরা করলে যুবভারতীতে হওয়া ভাঙচুর সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

এই ঘটনার তদন্তে বিধাননগর পুলিশের পাশাপাশি সক্রিয় হয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট)। সূত্রের খবর, যুবভারতীতে তাণ্ডবের একাধিক ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে সিট। শুধু ভাঙচুরই নয়, মাঠ থেকে বহু দর্শক বিভিন্ন জিনিসপত্র বাড়িতে নিয়ে গিয়েছে বলেও ফুটেজে ধরা পড়েছে। সেই সমস্ত ব্যক্তিদের শনাক্ত করে ধরপাকড়ের প্রস্তুতি নিচ্ছে সিট। যদিও এখনও পর্যন্ত সিটের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।

শুক্রবার মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তর রিষড়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। বিধাননগর দক্ষিণ থানার পাঁচজন আধিকারিক, তাঁদের মধ্যে মহিলা পুলিশও ছিলেন, রিষড়া থানার সহযোগিতায় ওই তল্লাশি অভিযান চালান। তিনতলা ওই বিলাসবহুল বাড়িতে সুইমিং পুল ও একটি ফুটবল মাঠ রয়েছে। তবে তল্লাশির সময় বাড়িতে একমাত্র পরিচারিকা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।

পুলিশ পরিচারিকার সঙ্গে কথা বলার পাশাপাশি বাড়ির প্রতিটি ঘর খুঁটিয়ে তল্লাশি চালায়। তদন্তকারীদের সন্দেহ, মেসির অনুষ্ঠানে কালো টাকা ব্যবহার হয়ে থাকতে পারে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার তদন্তে নামতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যদিও এখনও পর্যন্ত শতদ্রু দত্তর কোনও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়নি।

সব মিলিয়ে মেসির সফর ঘিরে যুবভারতীতে ভাঙচুর ও আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত ক্রমেই জোরদার হচ্ছে, আর আগামী দিনে এই ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!