Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২০, ২০২৫

জেলা শিক্ষা দফতরে রিপোর্টে উদ্বেগের ছবি, মাধ্যমিক পরীক্ষায় গরহাজিরের সংখ্যা বেড়েছে

আরম্ভ ওয়েব ডেস্ক
জেলা শিক্ষা দফতরে রিপোর্টে উদ্বেগের ছবি, মাধ্যমিক পরীক্ষায় গরহাজিরের সংখ্যা বেড়েছে

এবারের মাধ্যমিক পরীক্ষায় পূর্ব বর্ধমান জেলাজুড়ে দেখা যাচ্ছে, অনেক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড নিয়েও পরীক্ষা দিচ্ছে না। যেমন কালনার বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭৯৯ জন। অনুপস্থিত ১৭ জন। মন্তেশ্বরের পুটশুড়ি আইপি ইনস্টিটিউশন কেন্দ্রে ৪৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে গরহাজির ১৭ জন। কাটোয়ার চন্দ্রপুর সেন্ট্রাল হাইস্কুল কেন্দ্রের পরীক্ষার্থী ৫৩০ জন। পরীক্ষা দিচ্ছে না ১৭ জন।

জেলা শিক্ষা দফতরের খবর, জেলার মোট ১২৪টি পরীক্ষাকেন্দ্রের বহু জায়গায় এরকম অনুপস্থিতির ছবি ধরা পড়ছে। শুধুমাত্র ইংরেজি পরীক্ষার দিনই জেলায় ৮৪৭ জন পরীক্ষা দেয়নি। বাংলা পরীক্ষা দেয়নি ৭২৪ জন। অঙ্ক পরীক্ষা দেয়নি ন’শোর কাছাকাছি পরীক্ষার্থী।

গরহাজির পরীক্ষার্থীর সিংহভাগই ছাত্রী। অথচ জেলায় এবার ছাত্রদের থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যাই বেশি। মোট পরীক্ষার্থী ৪৫,৮৪৮ জনের মধ্যে যেখানে ছাত্র ১৯,৪৪৮ জন, সেখানে ছাত্রীর সংখ্যা ২৬,৪০০ জন। অনুপস্থিতির কারণ হিসেবে বিয়ের পিঁড়িতে বসা, পরীক্ষাভীতি, ছাত্রদের ক্ষেত্রে কাজের জন্য অন্যত্র চলে যাওয়া-সহ নানান কারণ উঠে আসছে। মধ্যশিক্ষা পর্ষদের দাবি, অনুপস্থিত পরীক্ষার্থীদের বেশিরভাগটাই সিসি পরীক্ষার্থী। পর্ষদ মনোনীত কমিটির আহ্বায়ক অমিতকুমার ঘোষের কথায়, ‘ঠিক কী কারণে অনুপস্থিত, তা অনুসন্ধান করা হচ্ছে।’ পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনারের দাবি, ‘লেখাপড়া সুষ্ঠুভাবে চালানোর জন্য রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করেছে। আরও নানান আনুষঙ্গিক সুযোগসুবিধা দিচ্ছে। তা সত্ত্বেও কেন কেউ কেউ পরীক্ষায় বসছে না, তা খোঁজ নিয়ে দেখা হবে।’

একই ছবি দক্ষিণ চব্বিশ পরগণার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে । বামনখালি এমপিপি স্কুল সহ একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবার রেজিস্ট্রেশন করালেও শেষ মূহুর্তে পরীক্ষায় বসেনি । শুধু এই দুই জেলাতেই নয় রাজ্যের বিভিন্ন অঞ্চলে মাধ্যমিক পরীক্ষায় ড্রপ আউটের সংখ্যা বাড়ছে ।উত্তর চব্বিশপরগণার ন্যাজাট সহ একাধিক সেন্টারেও এবার ধরা পরেছে একই চিত্র । উত্ররবঙ্গের বিভিন্ন জেলাতেও উল্লেখযোগ্য হারে মাধ্যমিক পরীক্ষায় অনুপস্থিতির হার বেড়েছে । শুধু কুচবিহারেই প্রায় ৪৫ হাজার ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করালেও পরীক্ষা দিচ্ছে ৩৩ হাজার জনের কিছু বেশী । এরমধ্যে অনেকে অ্যাডমিট কার্ড নিয়েও পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়নি। রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা জানিয়েছেন ২০২২ সালের মাধ্যমিকের পর এবছর জীবনের প্রথম পরীক্ষায় ছাত্রছাত্রীদের ড্রপআউটের হার বাড়লো ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!