Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ১১, ২০২৬

চন্দ্রনাথ রথ হত্যায় উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার তিন সন্দেহভাজন

আরম্ভ ওয়েব ডেস্ক
চন্দ্রনাথ রথ হত্যায় উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার তিন সন্দেহভাজন

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনকাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল তদন্তকারী দল। এই ঘটনায় তিন সন্দেহভাজনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম ময়ঙ্ক শর্মা, ভিকি মৌর্য এবং রাজ সিংহ। রবিবার রাতে বিশেষ অভিযানে তাঁদের পাকড়াও করে বিশেষ তদন্তকারী দল (সিট)। ইতিমধ্যেই ধৃতদের কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং সোমবার তাঁদের আদালতে পেশ করা হবে।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে একজন পেশাদার ‘শুটার’। পাশাপাশি এই চক্রের সঙ্গে বিহারের যোগসূত্রও রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে গঠিত সিটে এসটিএফ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির আধিকারিকেরাও রয়েছেন।

গত ৬ মে রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে দুষ্কৃতীরা হামলা চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রনাথের গাড়ির সামনে আচমকা একটি চারচাকার গাড়ি এসে দাঁড়ায়। ফলে তাঁর গাড়ি থামতে বাধ্য হয়। সেই সময় দু’দিক থেকে দু’টি বাইকে চেপে আসে আততায়ীরা। এরপর চন্দ্রনাথ এবং তাঁর গাড়ির চালককে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথ রথের। গুরুতর জখম চালক এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

তদন্তে উঠে এসেছে, খুনের জন্য ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। সেই গাড়ি থেকে বালি টোলপ্লাজ়ায় অনলাইনে টোলের টাকা মেটানো হয়েছিল। সেই সূত্র ধরেই তদন্তকারীরা অভিযুক্তদের সন্ধান পান। ইতিমধ্যেই খুনে ব্যবহৃত চারচাকার গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে গাড়িতে থাকা নম্বরপ্লেটটি ভুয়ো বলে জানা গিয়েছে।

এছাড়াও ঘটনায় ব্যবহৃত দু’টি বাইকও উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, বাইক দু’টির নম্বরপ্লেটও নকল। পুলিশ মনে করছে, অন্তত এক থেকে দেড় মাস আগে থেকেই চন্দ্রনাথ রথকে খুনের ছক কষা হয়েছিল। কারও সঙ্গে তাঁর ব্যক্তিগত বা পেশাগত বিরোধ ছিল কি না, কিংবা কারা এই হত্যার পিছনে থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!