Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৮, ২০২৬

নাদনঘাটে বিজেপি-তৃণমূল শিবিরে সংঘর্ষ, পাচুন্দিতে জখম দুই জওয়ান

আরম্ভ ওয়েব ডেস্ক
নাদনঘাটে বিজেপি-তৃণমূল শিবিরে সংঘর্ষ, পাচুন্দিতে জখম দুই জওয়ান

বিজেপির তরফ থেকে একটি মহামিছিল আসছিল সমুদ্রগড়ের দিকে । অভিযোগ, সেই সময় নসরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বেশ কয়েকজন তাদের লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকে । এরপরই বিজেপি কর্মীরা চড়াও হয় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর ।

তৃণমূলের পঞ্চায়েত সদস্য অমল হালদার ও কর্মী সামসের আলি শেখ কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন । অমলের মাথায় গুরুতর চোট । বিজেপির কমল দাস ও সৌভিক পান কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন । তৃণমূলের অভিযোগ, তারা পার্টি অফিসে বসেছিলেন । অতর্কিতে বিজেপির লোকজন এসে তাদের উপর চড়াও হয় । দলীয় কার্যালয় ভাঙচুর করে । কর্মীদের মোটরবাইকগুলিও ভেঙে দেয় । ঘটনার প্রতিবাদে এলাকার তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথের নেতৃত্বে এসটিকেকে রোড অবরোধ হয় । তৃণমূলের আরও দাবি, তারা ১০-১২ জন ছিল, আর বিজেপি হাজারখানেক কর্মী নিয়ে চড়াও হয় । খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । স্বপনবাবু বলেন, ‘বিজেপি যে কতখানি হিংস্র হতে পারে, আমাদের দলীয় কার্যালয়ে হামলা, কর্মীদের মারধর, মোটরবাইক ভেঙে দেওয়া, তার বড় প্রমাণ ।

অন্যদিকে, কাটোয়া-বোলপুর ৬ নম্বর রাজ্য সড়কের পাচুন্দির কাছে কেন্দ্রীয় বাহিনীর গাড়ির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে জখম ২ জওয়ান । ভোটের ডিউটি করতে আসা সিআরপি-র ৪৭ নং ব্যাটেলিয়নের ওই ২ জওয়ান বিহারের বাসিন্দা ।

পুলিশ সূত্রের খবর, কেতুগ্রাম থেকে জওয়ানদের বোলেরো গাড়িটি ফুটিসাঁকোর দিকে যাচ্ছিল । উল্টোদিক থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো গাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে । জখম সন্তোষ কুমার ও নারায়ণ সিংকে প্রথমে কেতুগ্রাম ব্লক হাসপাতালে ভরতি করা হয় । সেখান থেকে স্থানান্তরিত করা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে । সন্তোষ কুমারের মাথায় ও নারায়ণ সিংয়ের শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত লেগেছে । জখম জওয়ানদের এইচডিইউ-তে ভরতি রেখে চিকিৎসা চলছে ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!