- দে । শ
- নভেম্বর ৭, ২০২৪
হাড়োয়ায় শাসক দলের প্রার্থী রবিউলের প্রচারে মহামিছিল
উপনির্বাচনে ভোটের দিন যত এগিয়ে আসছে হাড়োয়া জুড়ে প্রচারের ঝাঁঝ তত বাড়াচ্ছে তৃণমূল। এদিন হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের সমর্থনে বিশাল মিছিল বের হয়। রবিউলকে পেয়ে খুশি হাড়োয়ার কীর্তিপুরের সাধারণ মানুষ। কীর্তিপুর–২ পঞ্চায়েতের হাড়োয়া খাল থেকে লাঙলপোতা বাসস্ট্যান্ড পর্যন্ত মহামিছিলের অংশ নেন কয়েক হাজার মানুষ। মহা মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়ছেন। হাড়োয়ার বিধায়ক হিসেবে হাজি নুরুল এই এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। মানুষের সুখ–দুঃখে তিনি পাশে থাকতেন। হাজি নুরুল বসিহাটের সাংসদ হবার পরে বিধানসভা আসনটি শূন্য হয়। তাঁর অকাল প্রয়াণে হাড়োয়ার মানুষ যেন আপনজন হারানোর ব্যথা অনুভব করেন। সেই শোকে অনেকটাই লঘু করে দিয়েছেন হাজি নুরুলের ছেলে রবিউল।
বিধানসভা উপনির্বাচনে প্রার্থী রবিউলের মধ্যে হাজি নুরুলের ছায়া দেখছেন হাড়োয়ার মানুষ। এদিনের মিছিলে তার প্রমাণ মিলল। বারাসত –২ ব্লক তৃণমূলর সভাপতি শম্ভুনাথ ঘোষ বলেন, ‘হাড়োয়ার উপনির্বাচনে লক্ষাধিক ভোটে রবিউলের জয় শুধু সময়ের অপেক্ষা। হাড়োয়ার মানুষ বিরোধীদের সমস্ত কুৎসার জবাব দেবে।’ মিছিলের পথের দু’ধারে অসংখ্য মানুষ রবিউলকে শুভেচ্ছা জানাতে এগিয় আসেন। রবিউল ইসলাম বলেন, ‘হাড়োয়ার উন্নয়নে বাবার অনেক পরিকল্পনা ছিল। সেগুলো রূপায়ন করাই হবে আমার প্রথম কাজ।’
❤ Support Us





