- দে । শ
- ডিসেম্বর ১৯, ২০২৫
পূর্ব বর্ধমানে তৃণমূলের জেলা সাংগঠনিক বৈঠক
নির্বাচন কমিশনের সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় বাদ পড়া ভোটারদের সম্পর্কে বিশদে খোঁজ নেওয়ার নির্দেশ তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা নেতৃত্বের। কাটোয়ার সংহতি প্রেক্ষাগৃহে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাংগঠনিক বৈঠকে জেলার সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি বিধায়ক থেকে অঞ্চল সভাপতি সকলকে সতর্ক হয়ে খসড়া তালিকায় নজর রাখার পরামর্শ দেন। বলেন, ‘খসড়া ভোটার তালিকায় যাদের মৃত বলে উল্লেখ করা হয়েছে, সেই নামগুলো সঠিক কিনা তা খতিয়ে দেখতে হবে।’
খসড়া ভোটার তালিকা অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার মোট ১৬টি বিধানসভা এলাকায় ২,০২,০৪৯ জনের নাম বাদ গিয়েছে। এদের মধ্যে মৃতের সংখ্যা ৯৯,৩১৫ জন। স্থানান্তরিত ও নিখোঁজ ভোটারের সংখ্যা ১,০২, ৭৩৪ জন।
খসড়া তালিকা অনুসারে জেলায় এখন মোট ভোটার ৩৯,৭০,৬২০ জন। এরমধ্যে নির্বাচন কমিশন মৃতের যে তালিকা প্রকাশ করেছে, তা সঠিক কিনা সেটা সরেজমিনে গিয়ে অঞ্চল সভাপতিদের পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়। এসআইআর সংক্রান্ত বিষয়ে বুথ ধরে ধরে মানুষের কাছে গিয়ে খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হল। এদিনের বৈঠকে মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূলের চেয়ারম্যান অপূর্ব চৌধুরি, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, তৃণমূলের আদিবাসী সংগঠনের রাজ্য সভাপতি দেবু টুডু-সহ জেলার বিধায়ক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ বিভিন্ন স্তরের দলীয় নেতৃত্ব হাজির ছিলেন।
রবীন্দ্রনাথবাবুর কথায়, ‘নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া তালিকা খুঁটিয়ে দেখা-সহ বুথে গিয়ে তালিকা মিলিয়ে ভোটারদের সুবিধা-অসুবিধা দেখার কথা বলা হয়েছে দলের সব স্তরের নেতাদের।’ যোগ করেন, ‘নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলায় তৃণমূলকে সরানোর ষড়যন্ত্র করছে বিজেপি। কিন্তু বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি, রক্তে তৃণমূল। মমতা ব্যানার্জির নেতৃত্বেই ফের বাংলায় মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে।’
❤ Support Us





