Advertisement
  • দে । শ
  • মে ২০, ২০২৬

নাদনঘাটে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

নাদনঘাটে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

ভোটের ফল বেরনোর পর তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর, হামলা, গ্রামছাড়া করা, ফসল নষ্ট, মহিলাদের উপর অত্যাচার-সহ গুচ্ছ অভিযোগ নিয়ে নাদনঘাট থানার দ্বারস্থ তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। দলে ছিলেন সাংসদ প্রতিমা মণ্ডল, ২ প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদা ও স্বপন দেবনাথ, রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলামরা। প্রতিমা বললেন, ‘আমাদের ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানো ও এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদন জানালাম।’ এর মাঝেই খবর আসে কালনা ২নং ব্লকের পূর্ণলক্ষ্মীতলার তৃণমূল সমর্থক সুজিত বিশ্বাসের বাড়িতে রাতের অন্ধকারে পেট্রল ঢেলে আগুন লাগানো ও দরজা-জানলা ভাঙচুর করা হয়েছে।

ভোটের ফল প্রকাশের পর থেকেই সুজিত সপরিবারে বাড়ি ছাড়া ছিল। গত সপ্তাহে বাড়ি ফেরে।  আগুনে ঘরের এসি, টিভি, খাট-বিছানা, মোটরবাইক সব পুড়ে গেছে। বিজেপির তরফে একটি দল সুজিতের বাড়িতে গিয়ে পাশে থাকা ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেয়।  বিজেপি নেতা বলেন, ‘ভোটের ফল বেরনোর পর বিজেপি হওয়া কয়েকজন এই কাজ করেছে। তাদেরকে চিহ্নিত করা হয়েছে। পুলিশকে বলব কঠোর ব্যবস্থা নিতে।’

তবে বিজেপি নেতৃত্ব মুখে যা বলছেন, বাস্তব পরিস্থিতি তার উল্টো বলে দাবি প্রবীণ তৃণমূল নেতা প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথের। স্বপনবাবু বলেন, ‘কালনা ১নং ও পূর্বস্থলী ১নং ব্লকের দুশোর উপর তৃণমূল কর্মী ঘরছাড়া। রাতের অন্ধকারে তাদের বাড়িতে হামলা হচ্ছে। নির্বিচারে দলীয় কার্যালয় দখল ও ভাঙচুর হচ্ছে।’ আরও বলেন, ‘ভোটে হারজিত থাকবে। কিন্তু বিরোধীদের উপর এই হামলা গণতন্ত্রে কাম্য নয়।’ স্বপনবাবু বিহিত চেয়ে কালনা থানা, জেলাশাসক ও জেলার পুলিশ সুপারকে আবেদন করেছেন।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!