- দে । শ
- আগস্ট ৬, ২০২৫
বিজেপির বাংলা বিদ্বেষের প্রতিবাদে সভা তৃণমূলের
বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা ও বাঙালিদের উপর হেনস্থার প্রতিবাদে গর্জে উঠল পূর্বস্থলীর তৃণমূল। নাদনঘাটের খরসগ্রাম প্রাথমিক বিদ্যালয় লাগোয়া মাঠে আয়োজিত সভায় বিজেপির বাঙালি বিদ্বেষের তীব্র প্রতিবাদ করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার পাণ্ডেরা। স্বপনবাবুর কথায়, ‘হরিয়ানা, ওড়িশার মত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা ও বাঙালিদের উপর যেভাবে আক্রমণ নেমে আসছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। হরিয়ানায় প্রতিনিধিদল পাঠিয়েছেন। অমর্ত্য সেনের মত বিশ্বখ্যাত অর্থনীতিবিদও প্রতিবাদ করেছেন। আসুন আমরাও সকলে মিলে প্রতিবাদ করি। রাস্তায় নামি।’ বাংলা ভাষার গুরুত্বের কথা মনে করিয়ে দিয়ে মন্ত্রী বললেন, ‘এই অমূল্য ভাষাকে অবহেলা করা মানে রবীন্দ্রনাথ-নজরুলকে অপমান করা। বাংলা বললেই কেন অত্যাচারিত হতে হবে?’ যোগ করেন, ‘বাংলা বলা কি অপরাধ? অন্যায়ভাবে এনআরসি-র ফরেনার্স ট্রাইবুনালের নোটিস ধরিয়ে দেওয়া হচ্ছে। এসব দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত।’ কাটোয়াতেও তৃণমূলের মাধ্যমিক সেলের আহ্বানে বিজেপির ‘বাংলা ও বাঙালি বিদ্বেষের’ প্রতিবাদে মুখর হন শিক্ষক-শিক্ষিকারা।
❤ Support Us






