Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৩, ২০২৬

নির্বাচনে পদ্মকে রুখতে তৃণমূলের ‘ডিজিটাল ব্যারিকেড’, তরুণদের নিয়ে বিশেষ কর্মসূচি অভিষেকের

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্বাচনে পদ্মকে রুখতে তৃণমূলের ‘ডিজিটাল ব্যারিকেড’, তরুণদের নিয়ে বিশেষ কর্মসূচি অভিষেকের

বাংলাকে কলঙ্কিত করতে BJP ২৪×৭ প্রচার চালাচ্ছে—এমনই অভিযোগ তুলে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ডিজিটাল ময়দানে পাল্টা আক্রমণের রূপরেখা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, একদিকে বিজেপির ট্রোল বাহিনী, অন্যদিকে ‘গোদি মিডিয়া’-র একাংশ মিলিয়ে বাংলার ভাবমূর্তি নষ্ট করার সুপরিকল্পিত চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে ডিজিটাল আক্রমণ রুখতে ‘ডিজিটাল যোদ্ধা’দের বিশেষ দায়িত্ব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার বিশ্ব বাংলা প্রাঙ্গণে আয়োজিত ‘ডিজিটাল যোদ্ধা’দের বৈঠকে উপস্থিত থেকে অভিষেক বলেন, তৃণমূলের তরুণ ডিজিটাল যোদ্ধারাই বাংলার ডিজিটাল ব্যারিকেড। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজনৈতিক লড়াই যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তা স্পষ্ট করে দেন তিনি। তাঁর বক্তব্য, বর্তমান সময়ে ভোটযুদ্ধ শুধু জনসভা বা মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নেই—ডিজিটাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়া এখন সমান গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র।

মঙ্গলবার এক্স-এ একটি পোস্ট করে অভিষেক ডিজিটাল যোদ্ধাদের লক্ষ্য ও দায়িত্ব স্পষ্ট করে দেন। তিনি লেখেন, “বাংলাকে কলঙ্কিত করতে BJP গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিকভাবে দখল করে এক একটি অ্যাজেন্ডার হাতিয়ারে পরিণত করেছে। এই অপপ্রচারের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করতে হবে।” তাঁর অভিযোগ, বিজেপি টুইটার ট্রোল বাহিনী এবং মিডিয়ার একাংশকে কাজে লাগিয়ে বাংলার সাফল্যকে খাটো করে দেখাচ্ছে ও রাজ্যকে অপমান করছে।

এই পরিস্থিতিতে বাংলার যুবসমাজকে দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে অভিষেক বলেন, শুধু মাঠে নয়, ডিজিটাল মাধ্যমেও সমানতালে লড়াই চালাতে হবে। ডিজিটাল পরিসরকে অরক্ষিত রাখা হলে মিথ্যাচার সহজেই ছড়িয়ে পড়বে এবং জনমতকে বিভ্রান্ত করবে। সেই কারণেই ডিজিটাল যোদ্ধাদের জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা বেঁধে দিয়েছেন তিনি।

অভিষেক জানান, আগামী ১০০ দিন ডিজিটাল যোদ্ধাদের সর্বশক্তি প্রয়োগ করে বিশ্লেষণ দক্ষতা, নিষ্ঠা ও ধারাবাহিকতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি, ৫ দিনের লক্ষ্য নির্ধারণ করে ধাপে ধাপে কাজ করার পরামর্শ দেন তিনি।

বিশ্ব বাংলা প্রাঙ্গণের বৈঠকে তৃণমূলের জনপ্রতিনিধি, বুথস্তরের কর্মী ও ডিজিটাল যোদ্ধাদের সমন্বয়কে ভারতীয় সেনার তিন বাহিনীর সঙ্গে তুলনা করেন অভিষেক। মঙ্গলবারের পোস্টেও সেই ভাবনাই তুলে ধরেন তিনি। তাঁর কথায়, জনপ্রতিনিধি, বুথ কর্মী এবং ডিজিটাল যোদ্ধারা একসঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করলে কোনও প্রচারকেই হারানো অসম্ভব নয়।

ABDJ কনক্লেভ নিয়েও আশাবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এই কনক্লেভে অংশ নেওয়া তরুণ যোদ্ধারাই বাংলার সত্য রক্ষায় ফ্যাক্ট-চেকিং, ন্যারেটিভ নিয়ন্ত্রণ এবং দ্রুত ও নিখুঁতভাবে ভ্রান্ত তথ্য মোকাবিলা করে বাংলার জন্য এক শক্তিশালী ‘ডিজিটাল ব্যারিকেড’ গড়ে তুলবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!