- দে । শ
- জুন ১৫, ২০২৬
বিপুল আর্থিক দুর্নীতি, গ্রেফতার শ্রমিক নেতা
বাস মালিক সংগঠনের লক্ষ লক্ষ টাকা তছরুপ, বাসের পারমিট করে দেওয়ার জন্য বেআইনি টাকা আত্মস্বাৎ , তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুলিশ গ্রেফতার করল কাটোয়া মহকুমা তৃণমূল বাস শ্রমিক সংগঠনের নেতা নারায়চন্দ্র সেন ওরফে নাড়ুকে। তাকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত, কয়েকজন বাসমালিক নাড়ু সেনের বাড়ি গিয়ে তাদের টাকা ফেরত ও সংগঠনের টাকার হিসেব দেওয়ার দাবি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের বচসা শুরু হয়। খবর পেয়ে কাটোয়ার পুলিশ শহরের স্টেশনবাজার এলাকার বাড়ি থেকে নাড়ু সেনকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। নাড়ুবাবুর বিরুদ্ধে বাসের মালিক সুমন কুণ্ডু, অরূপ পালদের অভিযোগ, ‘বাসের পারমিটের নথিতে মালিকের নাম বদলে দেওয়ার ফি বাবদ বাস মালিকদের কাছ থেকে লাখ লাখ টাকা তোলা আদায় করেছেন।’
আরও অভিযোগ, কাটোয়া বাসস্ট্যান্ডের উপর দিয়ে চলা প্রত্যেক বাস থেকে রোজ ১৫০ টাকা আদায় করত নাড়ুবাবুর লোকজন। ২০০৫ সাল থেকে এটা চলছে। অথচ বাসমালিক সমিতির চাঁদা বলে ১৫ টাকা উল্লেখ রয়েছে। বাকি ১৩৫ টাকা কীসের টাকা তার জবাব মেলেনি। কোনো বাসকর্মী এই টাকা দিতে আপত্তি করলে তার বাসকে চলতে দেওয়া হত না। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে বাস মালিকরা মুখ বুজে সহ্য করতেন। শাসক দলের নেতা হওয়ার সুবাদে নাড়ুবাবুর বিরুদ্ধে কোনো বাস মালিক মুখ খুলতেন না। সরকার বদল হওয়ায় বাস মালিকরা সরব হয়েছেন। কাটোয়া থানায় যাওয়ার পথে নাড়ুবাবু তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন।
❤ Support Us






