- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৯, ২০২৩
সাতগাছিয়ায় উপহার বিতরণ অনুষ্ঠানে ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব অভিষেক
“শত চেষ্টা করেও নরেন্দ্র মোদি আমার মেরুদন্ড কিনতে পারেননি, পারবেন না। আমাদের দার্শনিক ক্ষুদিরাম। আমার জন্ম বাংলায়। আত্মসম্মান ও মেরুদন্ড বিক্রি করবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আড়াই বছর অপেক্ষা করেছেন। আমাকে ৬ মাস সময় দিন। ৩০ জুন ২০১৪ পর্যন্ত আমায় সময় দিন। তার মধ্যে আমরা আপনাদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেব না হলে বাংলা মা-মাটি-মানুষের সরকার এই টাকা আপনাদের ব্যাঙ্কে দিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার লক্ষ্মীর ভান্ডারের টাকা সবার ব্যাঙ্কে পাঠিয়ে দিতে পারে তাহলে ২১ লক্ষ ৭৫ হাজার মানুষের ১০০ দিনের কাজের টাকাও প্রাপকদের ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হবে,” বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সাতগাছিয়া বিদ্যানগর মাল্টিপারপাস স্কুলের মাঠে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে এই মন্তব্য করলেন তৃণমূল নেতা ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক এদিন বলেন, “সাতগাছিয়ায় দীর্ঘদিন জ্যোতি বসু বিধায়ক ছিলেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। বলুন তো আপনাদের এলাকার রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা ছিল? আমি ২০১৪ সালে আপনাদের আশীর্বাদে নিয়ে জয়ী হয়ে সাতগাছিয়ায় রাস্তা তৈরি করেছি। আমি প্রথমে এই অঞ্চলটা চিনতাম না। স্থানীয়রা এলাকায় এলাকায় নিয়ে গিয়ে, আমায় এই এলাকা চিনিয়েছে। তাই ৬০০ কোটি টাকার রাস্তা সাতগাছিয়ায় করেছি। আমি কেন্দ্রের কাছ থেকে যে টাকা পাই তাতে ৫ কোটি টাকার রাস্তা, উন্নয়ন কোথায় হয়েছে সেটা আমি পুঙ্খানুপুঙ্খ হিসেবে মানুষের কাছে তুলে ধরেছি। কোনও সাংসদ সেটা করে দেখতে পারেনি।”
এদিন অভিষেক করোনার সময় কমিউনিটি কিচেন খুলে বিপুল সংখক মানুষের আহারের ব্যবস্থা করার কথা এদিন তুলে ধরেন। এছাড়াও অভিষেক এদিন তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটি বিধানসভা আছে সেখানে তিনি কি কাজ করেছেন তার হিসেবে দেন। অভিষেক এদিন বলেন, “আমার জন্ম দক্ষিণ কলকাতায় হতে পারে কিন্তু ভগবানের কাছে বলছি আমার মৃত্যু যেন ডায়মন্ড হারবারের মাটিতে হয়।”
পুজোর উপহার দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক এদিন বলেন, “আজ আমি সবাইকে হয়তো পোশাক উপহার দিতে পারলাম না। আগামী বছর আমার কেন্দ্রের সবার বাড়িতে পুজোর উপহার পাঠিয়ে দেব। আমি আপনাদের অনুরোধ করছি পাঁচটা দিন আপনারা সবার সঙ্গে আমার এই উপহার নিয়ে আনন্দ করুন, দান হিসেবে এটা দেখবেন না। আমি মা দুর্গার কাছে আপনাদের সবার ভালো কামনা করব।”
অভিষেকের পুজোর উপহার দেওয়ার অনুষ্ঠান ছিল সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্যে ঠাসা। তিনি এই অনুষ্ঠানের মাধ্যমে যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন সেটা বলাই বাহুল্য
❤ Support Us






