- দে । শ
- জুন ৯, ২০২৬
তোলাবাজি ও হুমকির অভিযোগ, গভীর রাতে গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত
তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে গভীর রাতে গ্রেফতার করা হলো তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে সল্টলেকের এক ব্যবসায়ীর করা অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় পুলিশ।
অভিযোগ, ওই ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। পাশাপাশি তাঁকে হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি অভিযোগকারীর। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার গভীর রাতে রাজারহাটের রাইগাছি এলাকায় সব্যসাচীর বাড়িতে হানা দেয় বিধান নগর নর্থ থানার পুলিশ। সেখান থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে।
মঙ্গলবার সকালে মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়। সেই সময় অভিযোগকারী ব্যবসায়ীকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে সব্যসাচী দাবি করেন, “তিনি নিজেই ২০১৮ সালে বিধাননগর উত্তর থানায় গ্রেফতার হয়েছিলেন। বিভিন্ন সময়ে প্রতারণার মামলায়ও গ্রেফতার হয়েছেন। এরপর তাঁর পরিবারের সদস্য এবং এক ব্যবসায়ী আমার কাছে এসেছিলেন তাঁকে মুক্ত করার বিষয়ে সাহায্য চাইতে।”
মেডিক্যাল পরীক্ষার পর তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে সব্যসাচী দত্ত বারাসত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তিনি বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই পূর্বতন সরকারের আমলে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে একের পর এক ধরপাকড় চলছে। সোমবারই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হন ফলতার কুখ্যাত ‘পুষ্পা’ নামে পরিচিত Jahangir Khan। সূত্রের দাবি, নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করার সময় তাঁকে আটক করা হয়। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন সব্যসাচী দত্ত।
এর আগে গত মাসে পুরনিয়োগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। পরবর্তীতে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক কাউন্সিলরকেও পুলিশ গ্রেফতার করে।
❤ Support Us





