Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৯, ২০২৬

কোলাঘাটের প্রশাসনিক বৈঠকে চমক! শুভেন্দুর মঞ্চে হাজির জুন-শিউলি, দেব

আরম্ভ ওয়েব ডেস্ক
কোলাঘাটের প্রশাসনিক বৈঠকে চমক! শুভেন্দুর মঞ্চে হাজির জুন-শিউলি, দেব

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আয়োজিত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়ে রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক ‘বেসুরো’ নেতা-নেত্রী। মঙ্গলবার কোলাঘাটের বলাকা মঞ্চে অনুষ্ঠিত এই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র উপস্থিতিতে দেখা গেল তৃণমূলের বিদ্রোহী শিবিরের সঙ্গে নাম জড়ানো কেশপুরের বিধায়ক শিউলি সাহা, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া এবং ঘাটালের সাংসদ দেব-কে।

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম—এই তিন জেলাকে কেন্দ্র করে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল সংশ্লিষ্ট তিন জেলার জনপ্রতিনিধিদের পাশাপাশি বিরোধী দলের বিধায়ক ও সাংসদদেরও। সে সূত্রেই উপস্থিত ছিলেন দেব, জুন মালিয়া ও শিউলি সাহা। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী বৈঠকে পৌঁছানোর কিছুক্ষণ পরেই বলাকা মঞ্চে আসেন দেব।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত ছিলেন তিন জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক (এসডিও), ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও), বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য উপস্থিত ছিলেন তিন জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, আইসি ও ওসিরাও। বৈঠকে সরকারি প্রকল্পের বাস্তবায়ন, জনমুখী পরিষেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিন জেলার উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে বলে প্রশাসনিক মহলের ধারণা।

রাজ্যের প্রশাসনিক কর্মকাণ্ডের নিরিখে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বৈঠক থেকে উঠে আসতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। বৈঠকে যোগ দিয়ে কেশপুরের বিধায়ক শিউলি সাহা বলেন, ‘বৈঠকে ডাক পেয়ে ভালো লাগছে। তৃণমূল সরকারের আমলে প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকা হতো না। বিরোধী দলের বিধায়কদেরও মানুষই নির্বাচিত করেছেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি বিধায়কদের সঙ্গে আলোচনা করে নেওয়া হতো না। বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে, তা অবশ্যই প্রশংসার যোগ্য।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!