Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১০, ২০২৬

কালিঘাটের কার্যালয়ে সিআইডি তল্লাশি ঘিরে হাই কোর্টে তৃণমূল, রক্ষাকবচ চেয়ে দ্রুত শুনানির আর্জি অভিষেকের

আরম্ভ ওয়েব ডেস্ক
কালিঘাটের কার্যালয়ে সিআইডি তল্লাশি ঘিরে হাই কোর্টে তৃণমূল, রক্ষাকবচ চেয়ে দ্রুত শুনানির আর্জি অভিষেকের

স্বাক্ষর-জালিয়াতি মামলার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সিআইডি-র তল্লাশি ঘিরে নতুন করে আইনি লড়াই শুরু হলো। সিআইডি-র ওই অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। চলতি সপ্তাহেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, একই মামলায় নিজের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার আর্জি জানিয়ে আগে থেকেই হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁর পক্ষে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানান। বিচারপতি কৌশিক চন্দ জানান, বৃহস্পতিবার ওই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, এই মামলার তদন্তের সূত্র ধরে মঙ্গলবার দুপুরে সিআইডি-র একটি দল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের তৃণমূল কার্যালয়ে পৌঁছয়। তবে প্রথমে তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানা যায়। প্রায় এক ঘণ্টা ধরে কার্যালয়ে উপস্থিত এক তৃণমূল নেতার সঙ্গে বচসার পর তদন্তকারীরা ভিতরে প্রবেশ করেন। এরপর প্রায় দু’ঘণ্টা ধরে কার্যালয়ের ভিতরে তল্লাশি চালায় সিআইডি। বুধবার হাই কোর্টে তৃণমূলের পক্ষে আইনজীবী কিশোর দত্ত অভিযোগ করেন, কোনও বৈধ সার্চ ওয়ারেন্ট বা জব্দতালিকা (সিজার লিস্ট) প্রদর্শন না করেই সিআইডি জোরপূর্বক দলীয় কার্যালয়ে প্রবেশ করে এবং তল্লাশি চালায়। সেই কারণেই তদন্তকারী সংস্থার পদক্ষেপের বৈধতা নিয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের বেঞ্চ খারিজ করে দিয়েছিল। আদালত জানিয়েছিল, ১০ জুন মামলাটির শুনানি হবে। কিন্তু বুধবারের শুনানির তালিকায় মামলাটির নাম না থাকায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপর বিচারপতি কৌশিক চন্দ জানান, বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য গ্রহণ করা হবে। সই-জালিয়াতি মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনি চাপানউতোরের আবহে এখন নজর কলকাতা হাই কোর্টের আসন্ন শুনানির দিকে।

এই মামলায় তদন্তের স্বার্থে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি-কে বারবার তলব করেও জিজ্ঞাসাবাদ করতে পারেনি সিআইডি। অভিযোগ, একবার নয়, পরপর তিনবার সিআইডির হাজিরা এড়িয়েছেন তিনি। সর্বশেষ তলবের পর অভিষেক জানান, তিনি দিল্লিতে অবস্থান করছেন এবং সেই কারণে হাজিরা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চান। এরপরই তাঁর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহে সক্রিয় হয়েছে সিআইডি। সূত্রের খবর, অভিষেকের যাতায়াত সংক্রান্ত তথ্য জানতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে তদন্তকারী সংস্থা। ফলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে যে, অভিষেক কলকাতায় ফিরলেই তদন্তে নতুন মোড় আসতে পারে। এমনকি কলকাতায় ফেরার পর তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। যদিও এই বিষয়ে সিআইডি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!