Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৬, ২০২৬

এসআইআর এর ত্রুটি নিয়ে শীর্ষ আদালতে আবেদন তৃণমূলের

আরম্ভ ওয়েব ডেস্ক
এসআইআর এর ত্রুটি নিয়ে শীর্ষ আদালতে আবেদন তৃণমূলের

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর থেকে দেওয়া কড়া বার্তার পরই মঙ্গলবার শীর্ষ আদালতে এই মামলা দায়ের করা হয়।

ডেরেকের আবেদনে বাংলায় এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর আর্জির পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তাঁর দাবি, পুরো সংশোধন প্রক্রিয়ায় পদ্ধতিগত নিয়ম লঙ্ঘন হয়েছে এবং এর ফলে নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে।

তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরেই নির্বাচন কমিশনকে কটাক্ষ করে ‘হোয়াটসঅ্যাপ কমিশন’ বলে আখ্যা দিয়ে আসছে। সেই প্রসঙ্গ টেনে ডেরেকের অভিযোগ, কমিশন বুথ লেভেল অফিসার ও অন্যান্য আধিকারিকদের হোয়াটসঅ্যাপের মতো ‘অনানুষ্ঠানিক চ্যানেল’-এর মাধ্যমে নির্দেশ দিয়েছে। এর ফলে স্বচ্ছতা ও আইনি প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে দাবি করা হয়েছে মামলায়।

ডেরেক ও’ব্রায়েন আরও অভিযোগ করেছেন, প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বেআইনিভাবে খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই কোনও শুনানি বা নোটিস ছাড়াই নাম বাদ পড়েছে বলে তাঁর দাবি। উল্লেখযোগ্যভাবে, নির্বাচন কমিশন নিজেই বুথভিত্তিক মৃত, স্থানান্তরিত ও ভুয়ো ভোটারের তালিকা প্রকাশ করে জানিয়েছিল যে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তবে এই তালিকাতেও গুরুতর ত্রুটি রয়েছে বলে তৃণমূলের অভিযোগ। এমনকি কমিশনের নথিতে ‘মৃত’ হিসেবে চিহ্নিত তিনজন ভোটারকে নিজের জনসভায় হাজির করে বিষয়টি প্রকাশ্যে এনেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মামলায় আরও বলা হয়েছে, অতিরিক্ত সিইও-র তরফে জারি করা একটি স্মারকলিপিতে স্বীকার করা হয়েছে যে ২০০২ সালের ভোটার তালিকার পিডিএফ রেকর্ডগুলিকে সিএসভি ফরম্যাটে রূপান্তর করে ডিজিটালাইজ করার সময় ভোটার ডেটা ম্যাপিংয়ে ব্যাপক ও পদ্ধতিগত ত্রুটি দেখা দিয়েছে। অভিযোগ, এই ডিজিটাইজেশন প্রক্রিয়া তৃণমূল স্তরের যাচাইকরণ কিংবা বুথ স্তরের আধিকারিকদের যথাযথ তত্ত্বাবধান ছাড়াই সম্পন্ন করা হয়েছিল।

এই সব অভিযোগের ভিত্তিতেই এসআইআর প্রক্রিয়ার বৈধতা ও সময়সীমা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন ডেরেক ও’ব্রায়েন। সূত্রের খবর, মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের দৃষ্টি এই মামলার দিকে আকর্ষণ করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!