- দে । শ
- ফেব্রুয়ারি ২৬, ২০২৬
শহিদ স্মৃতিতে তৃণমূলের মেগা রক্তদান শিবির কাটোয়ায়
বাম জমানায় পুলিশের গুলিতে নিহত যুবনেতার স্মৃতিতে মেগা রক্তদান শিবির করল তৃণমূল। কাটোয়া শহরে ও কাটোয়া ২নং ব্লকের চাণ্ডুলি গ্রামে তুহিন সামন্তর মৃত্যুদিন উপলক্ষে শহিদ বেদীতে মাল্যদান ও আলোচনা সভারও আয়োজন করে যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদ। সেখানে হাজির হয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানান, ‘স্থানীয় মেঝিয়ারি সতীশচন্দ্র উচ্চবিদ্যালয়ে আয়োজিত শিবিরে পুরুষ-মহিলা মিলিয়ে ৬০০ জন রক্ত দিয়েছেন। কাটোয়া, বর্ধমান ও কলকাতা ব্লাড ব্যাঙ্কের প্রতিনিধিরা রক্ত সংগ্রহ করে নিয়ে যান।’
উল্লেখ্য যে, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি চাণ্ডুলি উচ্চবিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচন চলাকালীন পুলিশের গুলিতে চাণ্ডুলি গ্রামের বাসিন্দা যুব কংগ্রেস নেতা ও আইন কলেজের অধ্যাপক তুহিন সামন্তর ঘটনাস্থলেই মৃত্যু হয়। সেই সময় রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলন হয়। খুনের অভিযোগে কাটোয়ার তৎকালীন ওসি দেবজ্যোতি সাহা গ্রেপ্তারও হন। তখন এলাকার বিধায়ক ছিলেন কংগ্রেস নেতা রবীন্দ্রনাথবাবু। তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর প্রয়াত তুহিনের পরিবারও তৃণমূলে যোগ দেয়। রবীন্দ্রনাথবাবুর উদ্যোগেই তুহিন সামন্তের মৃত্যুদিনকে শহিদ দিবসের মর্যাদা দিয়ে পালন করে তৃণমূল।
এদিন সকালে চাণ্ডুলি গ্রামে তুহিন সামন্তের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন রবীন্দ্রনাথবাবু। ছিলেন তুহিন সামন্তর স্ত্রী তথা কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি নিষাদ সামন্ত, তুহিনের বাবা শরদিন্দু সামন্ত, কাটোয়া ২ নং ব্লক তৃণমূল সভাপতি পিন্টু মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা বর্মণরা।
❤ Support Us





