Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৩১, ২০২৬

মুখ্যসচিবসহ শীর্ষ আমলাদের অপসারণ ইস্যুতে তৃণমূলের মামলা খারিজ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সিলমোহর হাই কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
মুখ্যসচিবসহ শীর্ষ আমলাদের অপসারণ ইস্যুতে তৃণমূলের মামলা খারিজ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সিলমোহর হাই কোর্টের

রাজ্যে নির্বাচন ঘোষণার পর প্রশাসনিক স্তরে একাধিক শীর্ষ আমলা ও পুলিশ আধিকারিকের বদলি ও অপসারণকে ঘিরে শুরু হওয়া বিতর্কে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাই কোর্ট। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ বিভিন্ন সরকারি আধিকারিকদের অপসারণের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। এর ফলে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্তই বহাল থাকল।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি শেষে রায় ঘোষণা করে। একই সঙ্গে ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) এবং বিভিন্ন থানার ওসি-দের অপসারণ সংক্রান্ত আরেকটি মামলাও খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।

উল্লেখ্য, রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে একাধিক আমলা ও পুলিশ আধিকারিককে বদলি করে। এই পদক্ষেপের বিরোধিতা করে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অর্ককুমার নাগ।
মামলার শুনানি প্রথম ওঠে ২৩ মার্চ। মামলাকারীর পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন এবং একই সঙ্গে কমিশনের এই ধরনের পদক্ষেপ নেওয়ার সাংবিধানিক এক্তিয়ার নিয়েও সন্দেহ প্রকাশ করেন।

তবে সমস্ত দিক বিবেচনা করে হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। ফলে কমিশনের নির্দেশ অনুযায়ী আধিকারিকদের অপসারণ ও বদলির প্রক্রিয়া বহাল থাকবে। এই রায়কে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষত নির্বাচনকালীন প্রশাসনিক নিয়ন্ত্রণ ও কমিশনের ক্ষমতা নিয়ে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!