- দে । শ
- মার্চ ১২, ২০২৬
জাতীয় সড়কে ধস, প্রতিবাদে পথ অবরোধ তৃণমূলের
সদ্য সম্প্রসারিত হওয়া জাতীয় সড়কে ধস নামার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল। বুধবার মেমারির সরডাঙ্গার কাছে ১৯ নং জাতীয় সড়কের উপর নির্মিত একটি অংশের ৪০ ফুট এলাকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই মুহূর্তে কোনো গাড়ি না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। জাতীয় সড়কের মতো এরকম গুরুত্বপূর্ণ রাস্তা কেন নির্মিত হওয়ার মাস পাঁচেকের মধ্যেই ভেঙে পড়বে— এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার জামালপুর ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে ১৯নং জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে অবরোধ করল তৃণমূল।
বর্ধমান ও কলকাতার দুই দিকের রাস্তাই অবরোধ করা হয়। মেহমুদ খান বলেন, ‘এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে দিনরাত হাজার হাজার বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। খবর নিয়ে জেনেছি, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার জন্যই বিপর্যয়। এর জবাব প্রধানমন্ত্রী ও বিজেপি নেতৃত্বকে দিতে হবে।’ সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলারও অভিযোগ তোলেন তিনি। আরও অভিযোগ, জামালপুর ব্লকের মধ্যে জাতীয় সড়কের যেটুকু রাস্তা আছে তাতে সব জায়গায় লাইট পর্যন্ত লাগানো নেই। অবরোধ থেকে অবিলম্বে ঠিকাদারি সংস্থার লাইসেন্স বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে।
জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রের খবর, ধসের নমুনা সংগ্রহ করে কারণ খোঁজা হবে। জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষের নেতৃত্বে পুলিশবাহিনি ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তারপরই অবরোধ তুলে নেওয়া হয়। এলাকা সূত্রের খবর, যেখানে ধস নেমেছে, সেই এলাকায় মাসখানেক আগে থেকেই রাস্তা ধরে রাখার ইঁটের ব্লকের গাঁথনিতে ফাটল দেখা যায়। দাবি, সঙ্গে- সঙ্গে ব্যবস্থা নিলে এই বিপর্যয় ঘটত না।
❤ Support Us





