- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১, ২০২৬
ফর্ম ৬ ঘিরে সিইও দফতরের সামনে টানা উত্তেজনা, ধরনায় তৃণমূল, কড়া বার্তা নির্বাচন কমিশনের
ফর্ম ৬ জমা দেওয়া নিয়ে রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবারের ঘটনার পর বুধবার সকাল থেকেও কলকাতায় সিইও দফতরের সামনে চাপা উত্তেজনা বজায় রয়েছে। এদিন সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা দফতরের সামনে ধরনা ও অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ব্যারিকেডও করা হয়েছে।
অভিযোগ, মঙ্গলবার গভীর রাতেও তৃণমূলের কর্মী-সমর্থকরা সিইও দফতরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। এই ঘটনার পর নির্বাচন কমিশনের তরফে কড়া বার্তা দেওয়া হয়। কমিশন জানায়, এ ধরনের অসামাজিক কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।
তৃণমূলের অভিযোগ, এক ব্যক্তি ব্যাগভর্তি ফর্ম ৬ নিয়ে নির্বাচন কমিশনের দফতরে প্রবেশ করেছেন। এই ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। মঙ্গলবার সিইও দফতরের সামনে তৃণমূলের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা তৈরি হয়, যেখানে বিজেপির পক্ষ থেকেও অভিযোগ জানাতে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য। দুই পক্ষের বচসার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যদিও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাতের বিক্ষোভ ঘিরে আবারও তৃণমূল কর্মীদের জমায়েতের অভিযোগ ওঠে। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন, যার পর তাঁরা কিছুটা দূরে সরে যান।
এদিকে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সিইও মনোজ আগরওয়াল এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। পরে পুলিশ কমিশনার হেয়ার স্ট্রিট থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গেও আলোচনা করেন বলে সূত্রের খবর। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।
❤ Support Us







