- দে । শ
- ফেব্রুয়ারি ১২, ২০২৬
নির্বাচনের আগেই ফের উত্তপ্ত বসিরহাট । কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি, হাড়োয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী
তৃণমূল কাউন্সিলরের বাড়ি বোমাবাজি বসিরহাটে, হাড়োয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী। ভোটের আগে চাঞ্চল্য হাড়োয়া, বসিরহাটে। মঙ্গলবার রাত সোয়া ৯ টা নাগাদ বসিরহাট পুরসভার তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়ায়। বসিরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসিত মজুমদারের বাড়ির পেছনের গেটে মঙ্গলবার রাত সোয়া ৯ টা নাগাদ
দুষ্কৃতীরা বোমা মারে।
বসিরহাটের রাজনীতিতে অসিতবাবু সুপরিচিত নাম। দীর্ঘদিন তিনি রাজনীতি করছেন। তাঁর বাড়িতে বোমা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অসিতবাবু বলেন, আমি এবং আমার স্ত্রী পর্যায়ক্রমে ৪২ বছর এই ওয়ার্ডের কাউন্সিলর। স্ত্রী কৃষ্ণা মজুমদার বসিরহাটের পুরপ্রধান ছিলেন। আমি আমার রাজনৈতিক জীবনে এই পরিস্থিতির মধ্যে পড়িনি।’ অসিতবাবু নিজেও প্রশাসক হিসেবে একসময় পুরসভা পরিচালনা করেছেন। বসিরহাট দক্ষিণ বিধানসভায় অসিত মজুমদারের যথেষ্ট প্রভাব আছে। সেকারণেই তাঁর বাড়িতে বোমাবাজি নিছক দুস্কৃতীদের কাজ নয়। এর পেছেনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে ধারণা। বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি বলেন, ‘এটা বিরোধীদের চক্রান্ত। বসিরহাটকে অশান্ত করার চক্রান্ত। আমরা পুলিশকে বলেছি তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দেওয়ার জন্য।’
তৃণমূলের বসিরহাট টাউন সভাপতি রানা দাশ বলেন, ‘তৃণমূলকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে বিরোধীরা তৃণমূল নেতা কর্মীদের ওপর হামলা করে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হবে না।’ অন্যদিকে হাড়োয়ার ব্রাহ্মণচক গ্রামে আক্রান্ত হয়েছেন সক্রীয় তৃণমূল কর্মী উত্তম মণ্ডল। এলাকাটি মিনাখাঁ বিধানসভা মধ্যে। রাতে বাজার থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে উত্তমকে ইট দিয়ে মাথায় মারাত্মক আঘাত করে দুস্কৃতীরা। তাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে গিয়ে হাড়োয়া হাসপাতালে ভর্তি করা হয়। উত্তমের মাথায় ১২ টি সেলাই পড়েছে। দুস্কৃতীরা বাইকে ৩ জন ছিল। এই ঘটনায় আইএসএফ জড়িত বলে স্থানীয় তৃণমূল নেতাদের দাবি। তবে বিরোধীদের দাবি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বেই বিধানসভা ভোটে একে অন্যকে কোণঠাসা করতে নিজেরা এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর ওপর হামলা চালাচ্ছে।
❤ Support Us





