Advertisement
  • দে । শ
  • জুন ১৬, ২০২৬

ডায়মন্ড হারবারে গ্রেফতার তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

আরম্ভ ওয়েব ডেস্ক
ডায়মন্ড হারবারে গ্রেফতার তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ২০২২ সালের এক পঞ্চায়েত উপপ্রধানের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার থানার পুলিশ তাঁকে নেতরা এলাকা থেকে প্রথমে আটক করে এবং পরে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখায়। ধৃত নেতাকে মঙ্গলবারই ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রের দাবি, ২০২২ সালে বোলসিদ্ধি কালীনগর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত (নিমাই) ভট্টাচার্যের রহস্যজনক মৃত্যুর তদন্ত চলাকালীন একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছিল। সেই নোটে মইদুল ইসলামের নাম উল্লেখ ছিল বলে তদন্তকারীদের দাবি। সেই সূত্র ধরেই দীর্ঘদিনের তদন্তে নতুন অগ্রগতি হিসেবে এ বার তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ মনে করছে, মইদুলকে জিজ্ঞাসাবাদ করলে মৃত্যুরহস্যের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

রাজনৈতিক মহলে পরিচিত মুখ মইদুল ইসলাম একসময় সিপিএম সমর্থক ছিলেন। পরে তিনি তৃণমূলে যোগ দেন এবং ডায়মন্ড হারবার অঞ্চলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা হিসেবেই পরিচিত ছিলেন। উল্লেখযোগ্যভাবে, গ্রেফতারের আগের দিন সোমবার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন, তখন তাঁর সঙ্গেও দেখা গিয়েছিল মইদুলকে।
গ্রেফতারের আশঙ্কার কথা আগেই সমাজমাধ্যমে জানিয়েছিলেন মইদুল। সোমবার রাতে করা এক পোস্টে তিনি দাবি করেন, স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাঁকে খুঁজছে এবং যে কোনও মুহূর্তে তাঁকে গ্রেফতার করা হতে পারে। একই পোস্টে তিনি লেখেন, “যতই গ্রেফতার করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দিদির সঙ্গে আছি, থাকব।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের একাধিক নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে ওঠা দুর্নীতি, তোলাবাজি, হুমকি ও শ্লীলতাহানির অভিযোগে তদন্ত এবং গ্রেফতারের ঘটনা সামনে এসেছে। সেই আবহেই চার বছর আগের এক অস্বাভাবিক মৃত্যুর মামলার তদন্তে তৃণমূলের শিক্ষক সংগঠনের এই নেতার গ্রেফতারি রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!