- দে । শ
- ফেব্রুয়ারি ১৭, ২০২৫
পথ পশুদের শুশ্রুষার উদ্যোগ তৃণমূল যুব নেতার
পশুপাখিদের জন্য খাওয়ার জায়গা করে দিলেন বসিরহাটের তৃণমূলের যুব নেতা, পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কো–অর্ডিনেটর রানা দাশ। রাস্তার কুকুর, বেড়াল হোক বা অন্য পশু তাদের খাওয়ার কোন জায়গা নেই। ক্ষুধার্ত হয়ে পথ পশুদের এখানে ওখানে ঘুরতে হয়। কেউ দয়া করে কিছু দিলে তবে তারা খেতে পারে। অথবা আবর্জনা ঘেঁটে তারা খাবার সংগ্রহ করে। সেই সব পথ পশুদের কথা ভেবে রানা দাশ ব্যক্তিগতভাবেই এই উদ্যোগ নিয়েছেন। বসিরহাট ইটিন্ডা রোডের পাশে বারুণীর মাঠের কাছে পথ পশুদের জন্য একটি জায়গা করে দিয়েছেন নিজের উদ্যোগে। যাতে সেখানে এলাকার জীব জন্তুরা খাবার খেতে পারে। কংক্রিটের স্লাব ঢালাই করে তার ওপর ইটের গাঁথনি করে রাস্তার ধারেই তৈরি হয়েছে পথ পশুদের খাবার জায়গা। সকালে এবং রাতে একটা নির্দিষ্ট সময়ে সেখানে খাবার রাখা হয়। বিশেষ করে পথ কুকুরের দল সেখানে ভিড় করে খায়। তবে কোন উচ্ছিষ্ট বা পচা–বাসি খাবার সেখানে দেওয়া হয় না। নিয়মিত পরিস্কারও করা হয় সেই খাবার জায়গা। প্রতিদিন দু’বেলা নিজের খরচে পশুদের জন্য রান্না করা খাবার পরিবেশন করার ব্যবস্থা করেছেন তৃণমূল নেতা রানা দাশ।
বসিরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কো–অর্ডিনেটর, তৃণমূল নেতা রানা দাশ বলেন, ‘আমাদের ওয়ার্ড বেশিরভাগটা গ্রামীণ এলাকা হলেও বেশ খানিকটা এলাকা শহর হয়ে উঠেছে। সেখানে অনেক পশু বিশেষ করে কুকুর দল বেঁধে থাকে। ওদেরও তো খিদে তেষ্টা আছে। প্রচুর পাখি আছে তারা খাদ্য পায় না। ওরা যাতে অভুক্ত না থাকে তার জন্য এই ব্যবস্থা করেছি।’ রানা বলেন, ‘প্রতিদিন আড়াই কিলো চালের ভাত রান্না হয়। কোন দিন মাছ, ডিম, সপ্তাহে একদিন মাংস দিয়ে ওদের খাবার দেওয়া হয়। এই কাজে একজনের ওপর দায়িত্ব দেওয়া আছে। নির্দিষ্ট সময়ে যথাস্থানে খাবার দিয়ে আসা হয়।’ রানা দাশের এই এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পশু প্রেমী মানুষ।
❤ Support Us






