Advertisement
  • এই মুহূর্তে
  • জুন ১৭, ২০২২

সুখবর! দক্ষিণ কলকাতাতেও গড়ে উঠবে বইপাড়া, ট্রামের কোচেই বিকোবে বই

আরম্ভ ওয়েব ডেস্ক
সুখবর! দক্ষিণ কলকাতাতেও গড়ে উঠবে বইপাড়া, ট্রামের কোচেই বিকোবে বই

বইপ্রেমীদের জন্য সুখবর । টালিগঞ্জ ট্রামডিপোয় নতুন বইপাড়া গড়ে তোলার পরিকল্পনায় শামিল হয়েছে রাজ্য পরিবহণ দপ্তর ও ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’। জানা গেছে, একেকটি কামরায় একেকটি বুক স্টল হবে । মানে একটি ট্রামে দু’টি দোকান । প্রথম ধাপে গোটা দশেক ট্রামকে বাছা হচ্ছে বইয়ের দোকান দেওয়ার জন্য। প্রয়োজনে তা আরও বাড়তে পারে। শুধু তো পড়া নয়, সময়ের চাহিদার কথা মাথায় রেখে ট্রামের কামরাতেই ক্রেতাদের জন্য তৈরি হবে ক্যাফেটেরিয়া । যাতে বই কিনতে গিয়ে সেখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন ক্রেতারা । তৈরি করা হবে সুলভ শৌচালয় থেকে আরও অনেক কিছু । পরিবহণ দপ্তরের কর্তারা কথায়, একেবারে ভোল পালটে যাবে ডিপোর । বৃহস্পতিবার টালিগঞ্জ ট্রাম ডিপোর হাল-হাকিকত ঘুরে দেখে আসেন দপ্তরের আধিকারিকরা। জানা গেছে আগামী মঙ্গলবার গিল্ডের প্রতিনিধিরা পরিবহণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে টালিগঞ্জ ট্রাম ডিপো পরিদর্শনে যাবেন ।

ট্রাম মিউজিয়াম, মিষ্টি হাব, ট্রার্ম ওয়ার্ল্ড, টায়ার পার্ক অনেক কিছুই হয়েছে শহরের নানা ট্রাম ডিপোয়। আর তার মধ্যে নবতম সংযোজন বইপাড়া । পড়ে থাকা ট্রামেই তৈরি হবে বইয়ের স্টল। তবে শুধু টালিগঞ্জেই নয়, যদি এখানকার বইপাড়া জনপ্রিয় হয়, তবে বেহালা ট্রাম ডিপোতেও একই কায়দায় বইয়ের দোকান দেওয়া হবে । বছরশেষে ট্রামের কামরা বাবদ পরিবহণ দপ্তরকে ভাড়া দিতে হবে দোকানের মালিককে । যদিও কত ভাড়া বা ভাড়া বাবদ কত পরিমান অর্থ দিতে হবে সে সব এখনও ঠিক হয়নি ।

‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’-এর যুগ্ম সম্পাদক সুধাংশু দে বলেছেন, ‘ওখানে বইপাড়া তৈরির বিষয়ে একটা আলোচনা হয়েছে । তবে সিদ্ধান্ত হয়নি। আগামী মঙ্গলবার আমরা টালিগঞ্জ ট্রামডিপোয় গিয়ে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!