Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৪, ২০২৫

দিল্লিতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রীর উপর বহিরাগতদের যৌন হেনস্তা, দায়ের এফআইআর

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লিতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রীর উপর বহিরাগতদের যৌন হেনস্তা, দায়ের এফআইআর

নারী নিরাপত্তার প্রশ্নে আবার উত্তাল রাজধানী। দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির এক ছাত্রীকে যৌন নিগ্রহ ও অত্যাচারের চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ জেলার
উপ-পুলিশ কমিশনার অঙ্কিত চৌহান। তিনি জানিয়েছেন, ‘ময়দানগড়ি থানায় সোমবার বিকেল ৩টার দিকে একটি পিসিআর কল আসে। এরপর পুলিশ দল দ্রুত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসে পৌঁছে। থানায় যোগাযোগ করেছিল নির্যাতিতার এক পরিচিত ব্যক্তি। বর্তমানে ছাত্রীটিকে উপযুক্ত চিকিৎসা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।’

জানা যাচ্ছে, নির্যাতিতা প্রথম বর্ষের এক বি.টেক ছাত্রী। তাঁর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি এলাকায় ৪জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার উপর হামলা চালায়। পুলিশের কাছে ওই ছাত্রী জানান, অভিযুক্তরা তার জামাকাপড় ছিঁড়ে ফেলে, তাকে অশালীনভাবে স্পর্শ করে এবং যৌন নির্যাতনের চেষ্টা করে। প্রথমে পুলিশের তরফে শুধুমাত্র শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করা হয়। কিন্তু পরবর্তীতে ছাত্রীটির বিস্তারিত লিখিত ও মৌখিক বিবৃতি রেকর্ড করার পর, যোউন নির্যাতনের প্রচেষ্টার ধারা যুক্ত করে মামলা পুনরায় নথিভুক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা আছে। নির্যাতিতা যেসব জায়গার কথা উল্লেখ করেছেন, সেসব এলাকার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করতে প্রযুক্তিগত সহায়তাও নেওয়া হচ্ছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দিল্লির ওই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে। বহু ছাত্রছাত্রী ঘটনার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে আওয়াজ তোলেন। তাঁরা প্রশ্ন তুলছেন কীভাবে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে একজন পড়ুয়ার উপর এ ধরণের অত্যাচার চালাতে পারে! বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কোথায়! বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এখনো এ বিষয়ে কোনো বিবৃতি না এলেও তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটি একটি আন্তর্জাতিকমানের প্রতিষ্ঠান। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এটি পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়টি সরাসরি পররাষ্ট্র মন্ত্রকের আওতায়। রাজধানীর বুকে, অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানে পড়ুয়াদের সুরক্ষা কতখানি! এ নিয়ে প্রশ্ন উঠছে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে প্রশাসনিক স্তরে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!