Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১, ২০২৬

ট্রাইব্যুনালের জন্য জায়গা চূড়ান্ত, কবে থেকে অফিস শুরু ?

আরম্ভ ওয়েব ডেস্ক
ট্রাইব্যুনালের জন্য জায়গা চূড়ান্ত, কবে থেকে অফিস শুরু ?

রাজ্যের প্রথম দফার ১৫২টি বিধানসভা কেন্দ্রে মনোনয়ন পর্ব শুরু হয়ে যাওয়ায়, এই কেন্দ্রগুলিতে ‘আন্ডার অ্যাজুডিকেশন’ বা বিচারাধীন থাকা ভোটারদের নথির নিষ্পত্তি হলেও আর কোনও সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হবে না। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর থেকে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, এই ১৫২টি কেন্দ্রে চারটি সাপ্লিমেন্টারি তালিকা এবং একটি সাব-সাপ্লিমেন্টারি তালিকা কার্যকর থাকবে। যাঁদের নথির নিষ্পত্তির পর রবিবার দুপুর ৩টা থেকে রাত ১২টার মধ্যে জুডিশিয়াল অফিসাররা বুথভিত্তিক ই-সাইন করেছেন, তাঁদের নামই সাব-সাপ্লিমেন্টারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

দ্বিতীয় দফার নির্বাচনেও একই নীতি অনুসরণ করছে নির্বাচন কমিশন। বুধবার রাত ১২টা পর্যন্ত যেসব নথির নিষ্পত্তি হবে এবং বিচারকরা ই-সাইন করবেন, সেগুলি নিয়ে সপ্তম সাব-সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যে মঙ্গলবার দ্বিতীয় দফার ভোটের জন্য ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে।

সূত্রের খবর, এ পর্যন্ত ‘অ্যাজুডিকেশন’ তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ আবেদনের মধ্যে ৪৭ লক্ষের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে গড়ে প্রায় ৪৫ শতাংশ আবেদনকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ (‘ডিলিটেড’) দেওয়া হয়েছে।

এদিকে, বুধবার সুপ্রিম কোর্টে বাংলার ‘সার’ সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। সেখানে বিচারাধীন ভোটারদের নাম বাদ দেওয়া এবং তাঁদের ট্রাইব্যুনালে আবেদন সংক্রান্ত বিষয়টি গুরুত্বপূর্ণভাবে উঠতে পারে বলে আইনজীবী মহলের ধারণা। ট্রাইব্যুনালের কাজ এখনও শুরু না হওয়ায়, এই ভোটাররা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে সব পক্ষ।

নির্বাচন কমিশন ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট মনোনীত ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতির নাম ট্রাইব্যুনালের জন্য চূড়ান্ত করেছে। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, জোকায় কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের অধীনস্থ ‘শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’-এ ট্রাইব্যুনালের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। এখানেই অবসরপ্রাপ্ত বিচারপতিরা বসবেন।

তবে এখনও কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের অনুমতি মেলেনি। অনুমোদন মিললেই রাজ্য সরকার পরিকাঠামো গড়ে তুলবে এবং কলকাতা হাইকোর্ট ট্রাইব্যুনালের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরি করবে। তার পরেই বিচারপ্রক্রিয়া শুরু হবে।

এরই মধ্যে ট্রাইব্যুনালে আবেদন জানানোর জন্য একটি অনলাইন পোর্টাল চালু হয়েছে। কিন্তু সূত্রের দাবি, ট্রাইব্যুনাল পুরোপুরি কাজ শুরু করতে করতে ভোটের সময় এসে যাবে। ফলে যাঁদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় ওঠেনি, তাঁদের এ বার ভোটাধিকার হারানোর সম্ভাবনাই প্রবল।

সিইও স্পষ্ট জানিয়েছেন, যাঁদের নাম ‘ডিলিটেড’ হয়েছে, তাঁদের আবেদন শুধুমাত্র ট্রাইব্যুনালেই বিচার করা হবে। তাঁরা নতুন করে ৬ নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারবেন না। যদি কেউ তা করেন এবং কোনও ইআরও সেই আবেদন গ্রহণ করেন, তবে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!