Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • সেপ্টেম্বর ১১, ২০২৫

গুলি করে হত্যা করা হল ট্রাম্পের ঘনিষ্ট প্রভাবশালী নেতা ও বিশ্লেষক চার্লি কার্ককে

আরম্ভ ওয়েব ডেস্ক
গুলি করে হত্যা করা হল ট্রাম্পের ঘনিষ্ট প্রভাবশালী নেতা ও বিশ্লেষক চার্লি কার্ককে

গুলি করে হত্যা করা হল ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট প্রভাবশালী ডানপন্থী নেতা ও বিশ্লেষক চার্লি কার্ককে। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে ইউটাহ অঙ্গরাজ্যের ওরেম শহরের ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চার্লি কার্ক। সেখানে ভাষণ দেওয়ার সময় একজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তাঁর ঘাড়ে গিয়ে লাগে। এরপর কার্ক ঘাড়ে হাত দিয়ে চেয়ার থেকে পড়ে যান। বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছাত্র–ছাত্রীরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক পালাতে শুরু করেন। এরপর গুলিবিদ্ধ অবস্থায় কার্ককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর ঘাড় থেকে গুলি বার করলেও কার্ককে বাঁচানো যায়নি। গুলিবিদ্ধ হওয়ার কয়েক সেকেন্ড আগে চার্লি কার্ককে একজন বন্দুক সহিংসতা নিয়ে প্রশ্ন করছিলেন।
চার্লি কার্কের হত্যাকাণ্ড প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ–এ লিখেছেন, ‘মহান ও কিংবদন্তি চার্লি কার্ক আর আমাদের মধ্যে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের যুব সমাজের হৃদয় দারুণভাবে জয় করেছিল। আমি ওকে গভীরভাবে ভালবাসতাম।’‌ চার্লি কার্ক ছিলেন টার্নিং পয়েন্ট ইউএসএ নামের একটা সংগঠনের সহপ্রতিষ্ঠাতা। এটা মার্কিন যুক্তরাষ্ট্রে রক্ষণশীল তরুণদের সবচেয়ে বড় সংগঠন। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সংগঠনটি। তরুণ সম্প্রদায়কে ট্রাম্পের প্রতি দারুণভাবে আকৃষ্ট করেছিল।
দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প তরুণ ও সংখ্যালঘু ভোটারদের সমর্থন পাওয়ার জন্য চার্লি কার্ককে কৃতিত্ব দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় চার্লি কার্কের ৫৩ লাখ ফলোয়ার। তিনি জনপ্রিয় পডকাস্ট ও রেডিও অনুষ্ঠান ‘দ্য চার্লি কার্ক শো’–র উপস্থাপক ছিলেন। সম্প্রতি ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’–র সহ–উপস্থাপক হিসেবেও কাজ করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘‌আমেরিকা কামব্যাক ট্যুর’ নামে ১৫টি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছিলেন চার্লি কার্ক। এই পরিকল্পনার অংশ হিসেবে বুধবার তিনি প্রথম ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে যান। অনুষ্ঠানে প্রচুর ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। নানা বিষয় নিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছিলেন। ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা গেছে, গুলিবিদ্ধ হওয়ার কয়েক সেকেন্ড আগে চার্লি কার্ককে একজন বন্দুক সহিংসতা নিয়ে প্রশ্ন করছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপর এটা সর্বশেষ হামলা। এর আগে গত বছর ট্রাম্পকে দুবার হত্যার চেষ্টা করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!