- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১৭, ২০২৬
ইরানের সঙ্গে শান্তিচুক্তি, পাক সফরে যাচ্ছেন ট্রাম্প ?
ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তাঁর বক্তব্য অনুযায়ী, আমেরিকা ও ইরানের মধ্যে চলা কূটনৈতিক আলোচনার অধিকাংশ ক্ষেত্রেই ইতিমধ্যে সমঝোতা হয়েছে । ফলে দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি ।
ট্রাম্প জানিয়েছেন, যদি ইসলামাবাদে এই চুক্তি স্বাক্ষর হয়, তাহলে তিনি নিজেই পাকিস্তানে উপস্থিত থাকতে পারেন । হোয়াইট হাউসের সাউথ লন থেকে ‘মেরিন ওয়ান’-এ ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যদি ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হয়, আমি সেখানে যেতে পারি। ওরা চাইছে আমি যাই ।”
বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে একটি দু’সপ্তাহের সংঘর্ষবিরতি কার্যকর রয়েছে, যার মেয়াদ আগামী সপ্তাহেই শেষ হচ্ছে । তবে ট্রাম্পের মতে, চুক্তি চূড়ান্ত হয়ে গেলে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও পড়তে পারে ।
প্রায় দেড় মাস ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা চললেও আপাতত সংঘর্ষবিরতি পরিস্থিতি কিছুটা স্থিতিশীল করেছে । এই অবস্থায় শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে পাকিস্তান । গত সপ্তাহে ইসলামাবাদের একটি অভিজাত হোটেলে প্রায় ২০ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ।
সূত্রের খবর, খুব শীঘ্রই আবারও ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন দফার বৈঠক হতে পারে। হোয়াইট হাউস ইতিমধ্যেই জানিয়েছে, একটি মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে পাঠানো হবে । সেই প্রতিনিধিদলে কারা থাকবেন তা এখনও স্পষ্ট নয়, তবে ভান্সের উপস্থিতির সম্ভাবনা প্রবল ।
এই প্রেক্ষাপটে ট্রাম্পের মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে । সবকিছু পরিকল্পনামাফিক এগোলে, ইরান-আমেরিকা সম্পর্কের বরফ গলাতে ইসলামাবাদেই হতে পারে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর ।
❤ Support Us







