Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • আগস্ট ১৬, ২০২৫

সাড়ে ৩ ঘন্টার ট্রাম্প–পুতিন বৈঠক, রুশ-ইউক্রেন যুদ্ধ বিরতি নিয়ে হলো না ফয়সলা

আরম্ভ ওয়েব ডেস্ক
সাড়ে ৩ ঘন্টার ট্রাম্প–পুতিন বৈঠক, রুশ-ইউক্রেন যুদ্ধ বিরতি নিয়ে হলো না ফয়সলা

১৫ আগস্ট ‌গোটা বিশ্ব তাকিয়ে ছিল আলাস্কার দিকে। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুচর্চিত বৈঠকের দিকে। প্রায় সাড়ে তিন ঘন্টার নিস্ফলা বৈঠক। যুদ্ধ বন্ধের কোনও চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তবে দুই রাষ্ট্রনেতারই দাবি বৈঠক ‘‌অত্যন্ত‌ ফলপ্রসূ।’‌ তবে এখনও বেশ কিছু বিষয়ের আলোচনা প্রয়োজন।

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার এলমেনডর্ফ–রিচার্ডসন সামরিক ঘাঁটিতে বৈঠকে বসেন ডোনাল ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। বৈঠকের মূল লক্ষ্য ছিল প্রায় ৪ বছর ধরে চলা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য সমাধানসূত্র বার করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপে এটাই সবছেয়ে বড় সংঘাতের রূপ নিয়েছে। কিন্তু প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে চলা ট্রাম্প এবং পুতিনের মধ্যে হাই–প্রোফাইল এই আলাস্কা শীর্ষ সম্মেলন কোনও চুক্তি ছাড়াই শেষ হয়েছে।

দীর্ঘ বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে বসেছিলেন ট্রাম্প ও পুতিন। কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ট্রাম্পের দাবি, ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে অনেকটাই অগ্রগতি হয়েছে। তিনি বলেন, ‘‌অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। যুদ্ধ বন্ধের বিষয়টি নিয়ে দারুণ অগ্রগতি হয়েছে। কয়েকটা বিষয়ের নিয়ে এখনও ঐক্যমতে পৌঁছতে পারিনি। সেগুলি খুব একটা গুরুত্বপূর্ণ নয়। পরবর্তী পর্যায়ে আমাদের সামনে অগ্রগতি অর্জনের ভাল সুযোগ আছে।’ যে বিষয়গুলি নিয়ে দ্বিমত রয়েছে, সেগুলি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘‌যুদ্ধের ব্যাপারে আমিও আন্তরিকভাবে আগ্রহী। এই যুদ্ধ একটা ট্রাজেডি। স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলি নির্মূল করতে হবে।’‌ তাঁর আশা, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন শান্তি প্রক্রিয়ায় বাধা দেবে না। যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়ার জন্য ট্রাম্পেরও প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‌শান্তি প্রক্রিয়ার প্রচেষ্টার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। দুই পক্ষকেই সমস্যার সমাধানের দিকে নজর দিতে হবে।’‌

অনেকদিন আগে থেকেই ট্রাম্প দাবি করে আসছেন, ২০২২ সালে তিনি ক্ষমতায় এলে ইউক্রেন যুদ্ধ হত না। ট্রাম্পের সঙ্গে এই ব্যাপারে একমত হয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘‌বেশ কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ে কোনও বৈঠক হয়নি। দুই দেশের সম্পর্ক স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছিল। এই বৈঠক আরও অনেক আগেই হওয়া উচিত ছিল।’

ট্রাম্প ও পুতিনের এই বৈঠক উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হয়েছিল। পুতিনের জন্য এলমেনডর্ফ-রিচার্ডসন জয়েন্ট বেসে লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়েছিল। হাসিমুখে করমর্দন করে পুতিনকে স্বাগত জানান ট্রাম্প। পুতিন মার্কিন প্রেসিডেন্টের লিমোজিনে কিছুক্ষণের জন্য বসেন। তবে বৈঠকের জায়গায় যাওয়ার আগে ট্রাম্পের গাড়ি থেকে নেমে যান পুতিন। ট্রাম্পের গাড়ি চলে যাওয়ার সময় মুচকি হাসছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!