- দে । শ
- নভেম্বর ২১, ২০২৫
জোড়া অগ্নিকাণ্ড কাটোয়া, কালনায়
জোড়া অগ্নিকাণ্ড কাটোয়া ও কালনায়। ইউপিএস ব্যাটারি ফেটে কাটোয়া শহরের জনবহুল এলাকায় ভয়াবহ আগুনে ভস্মীভূত ইলেকট্রনিকস ও কম্পিউটারের দোকান। আর রান্নার আগুন ছড়িয়ে কালনার নান্দাই পঞ্চায়েতের ঘুঘুডাঙা গ্রামের ৪টি বাড়ি ও অঙ্গনওয়ারি কেন্দ্রের রান্নাঘর পুড়ে ছাই। এদিনের দুটি ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
কাটোয়ার সার্কাস ময়দানের ইলেকট্রনিক্স ও কম্পিউটারের দোকানে আগুন নেভাতে ছুটে আসে দমকলের দুটো ইঞ্জিন। প্রায় দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ছুটে যান বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, বিদায়ী পুরপ্রধান সমীর সাহা, পুরসদস্য বিজন সাহারা। দোকানে ছিল মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী ও কম্পিউটার। সব পুড়ে শেষ বলে জানালেন দোকানের কর্মীরা। নির্দিষ্টভাবে বলা না গেলেও অনুমান, কয়েক লক্ষ টাকার ইলেকট্রনিকস সামগ্রী পুড়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এদিন দোকানটি বন্ধ ছিল। দোকানের ভিতরে চার্জে বসানো ছিল একটি ইউপিএস ব্যাটারি। সেটির বিস্ফোরণের জেরে আরও কয়েকটি ব্যাটারি একের পর এক ফাটতে থাকে। মুহূর্তের মধ্যে দোকানজুড়ে আগুন ছড়িয়ে ভয়াবহ চেহারা নেয়।
এদিকে কালনার ঘুঘুডাঙায় নিজের বাড়িতে কাঠের জ্বালানিতে রান্না করছিলেন রফিকুল শেখের স্ত্রী বাজনুর বিবি। আচমকা সেই আগুন তাদের বাড়ি ও লাগোয়া ৩টি বাড়িতে ছড়িয়ে পড়ে। ৪টি বাড়িতে রাখা ধানের বস্তা, মোটরবাইক-সহ সংসারের যাবতীয় জিনিসপত্র ভস্মীভূত। পাশেই রয়েছে অঙ্গনওয়ারি কেন্দ্র। আগুন ওই কেন্দ্রের রান্নাঘরে লাগে। আতঙ্কিত খুদে পড়ুয়াদের নিয়ে যাওয়া হয় পাশের একটি ফাঁকা মাঠে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। সামাল দেয় পরিস্থিতি।
❤ Support Us





