- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৫, ২০২৫
বসিরহাটে পুলিশের প্রশিক্ষণের পরিত্যক্ত বিস্ফোরক ফেটে জখম ২ কিশোর
পুলিশ প্রশিক্ষনের পরিত্যক্ত বিস্ফোরক বস্তু ফেটে গুরুতর জখম ১২ ও ১৪ বছরের দুই বালক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছনিয়েছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার আড়বেলিয়া গ্রামে। অস্বস্তিতে পড়েছে বসিরহাট জেলা পুলিশ। শুক্রবার আড়বেলিয়া গ্রামে একটি ইটভাটা সংলগ্ন ফাঁকা মাঠে বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে বাদুড়িয়া, স্বরূপনগর, মাটিয়া থানার পুলিশ কর্মীদের বোমা নিস্ক্রীয় করণ, কাঁদানে গ্যাস ও ফায়ারিং প্রশিক্ষন চলছিল। প্রশিক্ষণ শেষে কয়েকটি ফায়ারিং শেল ঘটনাস্থলে থেকে যায়। পড়ে থাকা শেল কুড়িয়ে নাড়াচাড়া করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। তাতে মারাত্মক জখম হয় ২ ছাত্র। তাদের নাম সাজিম মন্ডল ও শোয়েব গাজি। তাদেরকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাজিম মন্ডলের আঘাত গুরুতর বলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা যায়, আড়বেলিয়া ইটভাটা এলাকায় বসিরহাট পুলিশ জেলার মাটিয়া, স্বরূপনগর ও বাদুড়িয়া থানার ফায়ারিং ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই পুলিশের ফেলে আসা বিস্ফোরক বস্তু পড়ে ছিল। পুলিশ ট্রেনিং শেষ হওয়ার পরে বাচ্চারা সেই
মাঠে খেলতে যায়। ১২ বছরের সাজিম একটি শেল কুড়িয়ে নিয়ে বন্ধু বছর ১৫–র শোয়েব গাজির কাছে নিয়ে যায়। জিনিসটিকে নেড়েচেড়ে দেখার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়। তাদেরকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে সাজিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। প্রশ্ন উঠছে, পুলিশের ট্রেনিংয়ের ফেলে দেওয়া সেল এত সহজে কি করে ফেটে গেল? অন্যদিকে পুলিশি গাফিলতির বিষয়টি নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। কিভাবে ট্রেনিং শেষে তারা ওই দাহ্যবস্তু ওই মাঠে ফেলে গেলেন? সমস্ত ঘটনাটির বিভাগীয় তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। এদিকে আজ বাদুড়িয়ার ওই ইটভাটার মাঠ শুক্রবার পুলিশের উদ্যোগে পরিস্কার করে ফেলা হয়। জানা গেছে, পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাসের শেল ফাটানো, বন্দুক ফায়ারিং, বোমা নিষ্ক্রিয় সহ একাধিক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল জুনিয়র পুলিশ কর্মীদের। পুলিশের ফেলে যাওয়া কাঁদানে গ্যাসের শেল বা বোমা কুড়িয়ে নিয়ে যায় দুই বাচ্চা। তারপর সেটি বিস্ফোরণে শিশুর আহত হয়। একজন বর্তমানে কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্য শিশু বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বিড়ম্বনায় পড়েছে। এদিন যেখানে জায়গায় পুলিশের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল সেই মাঠে সাত সকালে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। তারা সেই জায়গা থেকে জিনিসপত্র পরিষ্কার করে। ওই জায়গাতে আর কোন বিস্ফোরক কিছু আছে কিনা ভালো করে খতিয়ে দেখেন।
❤ Support Us






