- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২৭, ২০২৫
মণিপুরে সেনা কনভয়ে হামলায় জড়িত পিপলস লিবারেশন আর্মির আরও দুই জঙ্গি গ্রেফতার
বিষ্ণুপুর জেলায় আসাম রাইফেলসের কনভয়ের ওপর অতর্কিত হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) আরও দুই জঙ্গিকে গ্রেফতার করল মণিপুরের নিরাপত্তা বাহিনী। গ্রেফতার হওয়া জঙ্গিরা হলেন থৌবাল জেলার থংগ্রাম সদানন্দ সিং ওরফে নাগচিক ওরফে পুরাকপা (১৮) এবং ইম্ফল পশ্চিমের চংথাম মহেশ ওরফে মোমো (৫১)।
১৯ সেপ্টেম্বর ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পিপলস লিবারেশন আর্মির জঙ্গিরা আসাম রাইফেলসের একটা টহলদারী দলের ওপর হামলা চালায়। জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই আসাম রাইফেলসের দুই জওয়ান নিহত হন এবং আরও পাঁচজন গুরুতর আহত হন। মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কনভয়ের ওপর হামলার তীব্র নিন্দা জানান।
হামলার সঙ্গে যুক্ত থাকা জঙ্গিদের গ্রেফতার করতে তীব্র তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ২৪ সেপ্টেম্বর কামেং এলাকায় ইম্ফল পশ্চিম পুলিশ, বিষ্ণুপুর পুলিশ, ৩৩ আসাম রাইফেলস এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালিয়ে ইম্ফল পশ্চিমের প্রধান অভিযুক্ত খোমদ্রম অজিত সিং ওরফে কেইলালকে (৪৭) গ্রেফতার করা হয়। তাঁকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে আরও অভিযুক্তর নাম জানতে পারে নিরাপত্তাবাহিনী। সেই সূত্র ধরে থৌবাল জেলার থংগ্রাম সদানন্দ সিং ও ইম্ফল পশ্চিমের চংথাম মহেশকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, এই হামলায় জড়িত অন্যান্য জঙ্গিদের খুঁজে বার করার জন্য আরও তদন্ত চলছে।
পিপলস লিবারেশন আর্মির সঙ্গে ১৯৯০ সাল থেকে যুক্ত থাকা সিনিয়র ক্যাডার মহেশকে গুয়াহাটিতে ক্রাইম ব্রাঞ্চ পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। অন্যজনকে কোথায় গ্রেফতার করা হয়েছে, তা পুলিশ প্রকাশ করেনি। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেন, পিএলএ মূলত প্রতিবেশী মায়ানমার থেকে কাজ করে, যেখানে তাদের ক্যাম্প এবং ঘাঁটি অবস্থিত।
❤ Support Us








