- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৫, ২০২৫
যুবভারতী কাণ্ডে আরও দুই গ্রেফতার, ছয় সংস্থার প্রতিনিধিদের তলব করল পুলিশ
ফুটবল তারকা লিয়োনেল মেসির কলকাতা সফরকে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় তদন্তে অগ্রগতি পেল পুলিশ। আগেই কয়েকজনকে গ্রেফতারের পর এবার আরও দু’জনকে গ্রেফতার করল দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম সৌরভ বসু এবং শুভ্রপ্রতিম দে। শনিবার রাতে নাগেরবাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়া ভাঙচুরের ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই দু’জনকে চিহ্নিত করা হয়। ফুটেজে পাওয়া তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে নাগেরবাজার থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। যুবভারতী স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলার ঘটনায় তদন্তে নেমে ছ’টি সংস্থার প্রতিনিধিকে তলব করল বিধাননগর পুলিশ কমিশনারেট। এই ছ’জন ছ’টি পৃথক সংস্থার প্রতিনিধি। পুলিশ সূত্রে খবর, তাঁদের মধ্যে মেসির ভারত সফরের প্রধান আয়োজক শতদ্রু দত্তের সংস্থার কর্তাদের নামও রয়েছে। মঙ্গলবারের হাজিরার পর তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে প্রশাসন।
উল্লেখ্য, শনিবার লিয়োনেল মেসি, লুইস সুয়ারেজ় ও রদ্রিগো ডি’পল-সহ একাধিক ফুটবল তারকা যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন। তবে প্রায় ২০ মিনিটের মধ্যেই তাঁরা স্টেডিয়াম ত্যাগ করেন। ওই সময় তাঁদের ঘিরে ব্যাপক ভিড় জমে যায়, যার মধ্যে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও উপস্থিত ছিলেন।
এই অতিরিক্ত ভিড়ের কারণে গ্যালারিতে থাকা দর্শকেরা মেসিদের ঠিকভাবে দেখতে পাননি। তারকাদের স্টেডিয়াম ছাড়ার পরেই ক্ষুব্ধ জনতার একাংশ ভাঙচুর চালায় যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেই ঘটনার তদন্তেই একের পর এক গ্রেফতার করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের খোঁজে তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে আরও গ্রেফতার হতে পারে।
❤ Support Us






