Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৮, ২০২৬

রাতের বৈঠক শেষে ব্যাঙ্ক ধর্মঘট প্রত্যাহার ! শনিবার ছুটি-সহ একাধিক দাবির সুরাহা ?

আরম্ভ ওয়েব ডেস্ক
রাতের বৈঠক শেষে ব্যাঙ্ক ধর্মঘট প্রত্যাহার ! শনিবার ছুটি-সহ একাধিক দাবির সুরাহা ?

সপ্তাহের প্রথম তিন দিন, অর্থাৎ ২৮ সেপ্টেম্বর সোমবার থেকে ৩০ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, শেষ মুহূর্তে তা স্থগিত করল ব্যাঙ্ক ইউনিয়নগুলি। রবিবার রাতে জরুরি বৈঠকের পর ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস্ (ইউএফবিইউ) জানিয়ে দিয়েছে, আপাতত ধর্মঘট হচ্ছে না। ফলে নির্ধারিত তিন দিনই ব্যাঙ্কের পরিষেবা স্বাভাবিক থাকবে।

কিন্তু কেন শেষ মুহূর্তে ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে এল ইউএফবিইউ? রবিবার রাতে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (আইবিএ)-এর সঙ্গে জরুরি বৈঠকের পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাত সাড়ে ৯টা নাগাদ বৈঠক শুরু হয়েছিল বলে জানা যায়। বৈঠকে ব্যাঙ্ক কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয় এবং ইউনিয়নগুলিকে বেশ কিছু নির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাসের ভিত্তিতেই আপাতত ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ইউএফবিইউ।

তবে ধর্মঘট স্থগিত হলেও আন্দোলনের বিষয়টি পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না। ইউএফবিইউ জানিয়েছে, কর্মীদের দাবিগুলি পূরণের লক্ষ্যে আইবিএ-র সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে। ভবিষ্যতে দাবিগুলি বাস্তবায়িত না হলে ফের আন্দোলনের পথে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যাঙ্ক কর্মীদের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি হলো সপ্তাহে পাঁচ দিন কাজ এবং দু-দিন ছুটি নিশ্চিত করা। বর্তমানে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। কর্মী সংগঠনগুলির দাবি, রবিবারের পাশাপাশি মাসের প্রতিটি শনিবারও ব্যাঙ্কে ছুটি ঘোষণা করতে হবে।

এই দাবি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে ব্যাঙ্ক কর্মীদের বেতন সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল, সেখানেও প্রতি শনিবার ছুটির বিষয়টি অন্যতম প্রস্তাব হিসেবে উঠে এসেছিল। কিন্তু এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি। ফলে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কর্মীদের মধ্যে অসন্তোষও বাড়তে থাকে। রবিবার রাতের বৈঠকে শনিবারের ছুটির বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। মাসের সব শনিবার ছুটি ঘোষণা করার দাবির সম্ভাব্য বিকল্প ও বাস্তবায়নের বিভিন্ন দিক খতিয়ে দেখতে আইবিএ এবং ইউএফবিইউ-এর প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে।

এ কমিটি বিষয়টির বিভিন্ন দিক পর্যালোচনা করবে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করবে। ব্যাঙ্ক কর্মীদের স্বার্থের পাশাপাশি গ্রাহকদের পরিষেবা ও স্বার্থের বিষয়টিও বিবেচনায় রাখা হবে। সব দিক খতিয়ে দেখে এমন একটি সমাধান খোঁজার চেষ্টা হবে, যা সংশ্লিষ্ট পক্ষগুলির কাছে গ্রহণযোগ্য হতে পারে। শুধু শনিবারের ছুটি নয়, ব্যাঙ্ক ইউনিয়নগুলির আরও একটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। স্কেল ৪ এবং তার ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিকদের জন্য কর্মদক্ষতার ভিত্তিতে ইনসেন্টিভ বা পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ (পিএলআই) চালুর দাবি জানানো হয়েছে। রবিবার রাতের বৈঠকে এই বিষয়টিও আলোচনায় আসে। ইউএফবিইউ জানিয়েছে, আইবিএ-র সঙ্গে পিএলআই নিয়ে এ বার আলোচনা শুরু করা যেতে পারে।

রবিবার রাতের বৈঠকের পর তিন দিনের প্রস্তাবিত ধর্মঘট স্থগিত হওয়ায় আপাতত ব্যাঙ্ক গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরেছে। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকার আশঙ্কাও দূর হয়েছে। তবে কর্মী সংগঠনগুলির মূল দাবিগুলির বাস্তবায়ন এখনও আলোচনার পর্যায়েই রয়েছে। বিশেষ করে মাসের প্রতিটি শনিবার ছুটি এবং স্কেল ৪ ও তার ঊর্ধ্বতন আধিকারিকদের জন্য পিএলআই চালুর বিষয়ে আগামী দিনের আলোচনাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। দাবি পূরণের ক্ষেত্রে অগ্রগতি না হলে ভবিষ্যতে ফের আন্দোলনের কর্মসূচি নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইউএফবিইউ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!