- এই মুহূর্তে বি। দে । শ
- অক্টোবর ৮, ২০২৫
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেন সেনার হাতে আটক ভারতীয়
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেন সেনার হাতে আটক এক ভারতীয়। এমনই দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। ইউক্রেনের সংবাদমাধ্যমে সে খবর প্রকাশিত হয়েছে। ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত আটকের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন অনুসারে, রাশিয়ার একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন সাহিল মহম্মদ হুসেন নামে ২২ বছরের এক ছাত্র। তিনি গুজরাটের মোরবির বাসিন্দা। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানের জন্য হুসেইনকে তালিকাভুক্ত করা হয়েছিল। ইউক্রেনের ৬৩তম ব্যাটেলিয়নের রেকর্ড করা এক ভিডিওতে হুসেনকে দেখা গেছে। সেই ভিডিওতে হুসেন বলেছেন, তাঁকে মাদক সংক্রান্ত অভিযোগে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কারাগারে থাকাকালীন শাস্তি এড়ানোর জন্য রাশিয়ান সামরিক বাহিনীর সঙ্গে একটা চুক্তি স্বাক্ষরের সুযোগ দেওয়া হয়েছিল। চুক্তিতে বলা হয়েছিল, রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিলে শাস্তি মকুব হবে। তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন।
ভিডিওতে হুসেন বলেছেন, ‘আমি কারাগারে থাকতে চাইনি। সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। তাই আমি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযানের জন্য চুক্তিতে স্বাক্ষর করেছি।’ হুসেন ইউক্রেনীয় সেনাবাহিনীকে জানান, তিনি রাশিয়ান সেনাবাহিনী কর্তৃক ১৬ দিনের প্রশিক্ষণ পেয়েছিলেন এবং ১ অক্টোবর তাঁকে প্রথম যুদ্ধ মিশনে পাঠানো হয়েছিল। হুসেন বলেন যে, তিনি তিন দিন যুদ্ধে কাটিয়েছেন এবং তারপরে কমান্ডারের সঙ্গে বিরোধের পর ইউক্রেনীয় সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেছেন।
হুসেন বলেন, ‘আমি প্রায় ২–৩ কিলোমিটার দূরে একটা ইউক্রেনীয় সেনাবাহিনীর মুখোমুখি হয়েছিলাম। তৎক্ষণাৎ আমার রাইফেল নামিয়ে রেখে বলেছিলাম, আমি আর যুদ্ধ করতে চাই না। আমার সাহায্যের প্রয়োজন।’ হুসেন দাবি করেছেন, রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানের জন্য তাঁকে যে আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা তিনি পাননি। তিনি বলেন, ‘আমি রাশিয়ায় ফিরে যেতে চাই না। সেখানে কিছুই নেই। আমি বরং ইউক্রেনের কারাগারে যেতে চাই।’
ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আটকের ব্যাপারে কোনও কিছু নিশ্চিত করা হয়নি। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিবেদনের সত্যতা যাচাই করছি। ইউক্রেনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি।’ জানুয়ারিতে বিদেশ মন্ত্রক বলেছিল যে, রাশিয়ায় বসতি স্থাপনের জন্য বিভ্রান্ত হয়ে পড়া মোট ১২৬ জনের মধ্যে ১২ জন ভারতীয় নাগরিক ইউক্রেনে রাশিয়ান সেনাবাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে মারা গেছেন।
❤ Support Us






