Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • আগস্ট ২৫, ২০২৫

রুশ পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলা

আরম্ভ ওয়েব ডেস্ক
রুশ পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলা

‌দুই দেশের মধ্যে শান্তিচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই আবার রাশিয়ায় হামলা চালাল ইউক্রেন। রবিবার নিজেদের স্বাধীনতার ৩৪ বছর উৎযাপনের দিনে ইউক্রেন কুরস্ক অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালায়। ইউক্রেনের এই হামলায় ওই পারমানবিক কেন্দ্রে আগুন লেগে যায়।
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, রাতভর ইউক্রেন বেশ কয়েকটি বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রে আঘাত হেনেছে। এই হামলায় একটা ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বিকিরণের মাত্রা স্বাভাবিক সীমার মধ্যে রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের খবর অনুসারে, পারমাণবিক স্থাপনার আগুন দ্রুত নিভে যায় এবং কোনও হতাহতের খবর নেই। ইউক্রেন এই হামলার ব্যাপারে কোনও মন্তব্য করেনি।
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে যে, সংবাদ মাধ্যম সূত্রে তারা এই হামলার কথা জানতে পেরেছে। বিদ্যুৎকেন্দ্রের একটা ট্রান্সফরমারে আগুন লেগেছে। কিন্তু এখনও নিশ্চিত কোনও খবর পায়নি। সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেছেন, ‘‌প্রতিটা পারমাণবিক স্থাপনা সর্বদা সুরক্ষিত রাখতে হবে।’‌
রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের উস্ত–লুগা বন্দরেও হামলা চালিয়েছে ইউক্রেন। সেখানে আগুন নেভাতে দমকলকর্মীরা কাজ করছেন। এই বন্দরে একটা প্রধান জ্বালানি রপ্তানি টার্মিনাল রয়েছে। সেখানকার আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, প্রায় ১০টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ধ্বংসাবশেষ থেকে আগুন ছড়িয়ে পড়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রবিবার রাতভর রাশিয়ান ভূখণ্ডে ৯৫টি ইউক্রেনীয় ড্রোন আটক করেছে।
ইউক্রেনের বিমান বাহিনী পাল্টা দাবি করেছে, রবিবার রাতে রাশিয়া ইউক্রেনে ৭২টি ড্রোন, ডেকয় এবং একটা ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ৪৮টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেনের স্বাধীনতা দিবস উদযাপনের দিনে এই ঘটনাগুলি ঘটে। রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি কিয়েভের স্বাধীনতা স্কোয়ার থেকে এক ভিডিও ভাষণে জাতির সংকল্পের ওপর জোর দিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘‌আমরা এমন একটা ইউক্রেন গড়ে তোলার চেষ্টা করছি, যেখানে নিরাপত্তা ও শান্তিতে বসবাস করার জন্য যথেষ্ট শক্তি ও ক্ষমতা থাকবে।’‌ মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলগ কিয়েভে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই সময় জেলেনস্কি তাঁকে ‘‌ইউক্রেনীয় অর্ডার অফ মেরিট’‌ প্রদান করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!