Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১১, ২০২৫

“অমিত শাহ ভীষণ চাপে ছিলেন, হাত কাঁপছিল”, লোকসভায় তুমুল বাকযুদ্ধ নিয়ে মন্তব্য রাহুল গান্ধির

আরম্ভ ওয়েব ডেস্ক
“অমিত শাহ ভীষণ চাপে ছিলেন, হাত কাঁপছিল”, লোকসভায় তুমুল বাকযুদ্ধ নিয়ে মন্তব্য রাহুল গান্ধির

বুধবার লোকসভায় তুমুল বাকযুদ্ধে জড়িয়ে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধি। ভোটচুরির অভিযোগ নিয়ে রাহুলের প্রশ্নের জবাবে শাহ দৃশ্যে ক্ষিপ্ত হন। রাহুলের বক্তব্য অনুযায়ী, শাহ বলেন, “আপনার কথা মতো আমি বক্তৃতা করব না। ধৈর্য রাখুন। আমার যখন যেটা বলার, তখনই সেটা বলব।”

বৃহস্পতিবারও সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, “অমিত শাহজি ভীষণই চাপে ছিলেন। খারাপ ভাষায় কথা বলছিলেন। ওঁর হাত কাঁপছিল। ভীষণ মানসিক চাপে ছিলেন। সকলেই তা দেখেছেন। আমি যা জিজ্ঞাসা করেছিলাম, তার সরাসরি জবাব পাইনি। উনি কোনও প্রমাণ দেখাতে পারেননি। আমি তো ওঁকে চ্যালেঞ্জ করেছিলাম যে, আমার সাংবাদিক বৈঠকগুলো নিয়ে সংসদে আলোচনা হোক। আমি কোনও উত্তর পাইনি।” একটি অসমর্থিত সূত্রের দাবি, লোকসভার অধিবেশনের আগে জ্বর হয়েছিল শাহের। তাঁর শরীরের তাপমাত্রা ১০২ ছিল। ওষুধ খেয়ে তিনি লোকসভায় বক্তৃতা করেছিলেন।

শাহ রাহুলের ‘ভোটচুরি’ অভিযোগের জবাবে নেহরু-গান্ধি পরিবারকেই নিশানা করেন। তিনটি উদাহরণ দিয়ে তিনি বলেন, “প্রথম, স্বাধীনতার পরে কে প্রধানমন্ত্রী হবেন, সেই ভোটাভুটিতে নেহরু দু’টি ভোট পেলেও, বল্লভভাই পটেল ২৮টি পেয়েছিলেন; তবু নেহরুই প্রধানমন্ত্রী হন। দ্বিতীয়, ১৯৭৫ সালে ইন্দিরার নির্বাচন ইলাহাবাদ হাই কোর্ট অবৈধ ঘোষণা করলেও, জরুরি অবস্থা জারি করে ক্ষমতা ধরে রাখেন। তৃতীয়, সম্প্রতি দিল্লির কোর্টে সনিয়া গান্ধি ভারতের নাগরিক হওয়ার আগে ভোটার হয়েছিলেন কি না, তা নিয়ে মামলা আছে। এই তিনটি উদাহরণ আসল ‘ভোট চুরি’।” রাহুল এও জানান, তিনি সংসদে তাঁর সাংবাদিক বৈঠক সম্পর্কিত প্রশ্নের জবাব পাননি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!