- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৯, ২০২৫
‘মান্থা’-র প্রভাবে অকাল তুষারঝড়, থমকে নেপাল ও তিব্বতের হিমালয় পর্যটন ! ট্রেকারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
হিমালয়ের চূড়ায় অকাল বরফঝড়ে থমকে গেছে পর্যটন। নেপাল ও তিব্বতের এভারেস্ট অঞ্চল মঙ্গলবার থেকে কার্যত বন্ধ হয়ে গেছে। ঘূর্ণিঝড় ‘মান্থা’র প্রভাবে ভারী বৃষ্টি ও তুষারপাত তৈরি করেছে ভয়াবহ দুর্যোগের পরিস্থিতি, যা বছরের এ সময়ে অস্বাভাবিক। হাজার হাজার পর্বতারোহী ও পর্যটকের অভিযান তাই প্রশ্নের মুখে।
নেপালের সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, লোবুচে এলাকার দিকে আটকা পড়া পর্যটককে উদ্ধার করতে গিয়ে একটি ছোটো প্রাইভেট হেলিকপ্টার ক্র্যাশ করেছে। ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি তুষারপাতের উপর অবতরণ করতে গিয়ে পিছলে পাশে উল্টে গেছে। পাইলট জীবিত থাকলেও পর্যটকরা উদ্ধার হয়েছে কি না তা এখনো নিশ্চিত নয়। এ দুর্ঘটনা এই মুহুর্তে হিমালয়ের পরিবেশ কতটা অনিশ্চিত হতে পারে, তারই বার্তা। নেপালের আবহাওয়া দফতর ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। অন্নপূর্ণা, মানাসুলু এবং ধৌলাগিরি অঞ্চলে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আন্নাপুর্ণা বেস ক্যাম্পের কাজ বন্ধ রাখা হয়েছে। ট্রেকারদের নিরপদ জায়গায় থাকতে বা নীচে নেমে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তিব্বতের টিংরি জেলায়ও বুধবার সকাল থেকেই দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ রাখা হয়েছে। টিংরি পর্যটন দফতর জানিয়েছে, রাস্তা বরফে ঢেকে যাওয়ায় এবং দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচল অনিরাপদ। জেলা আবহাওয়া ব্যুরো ইতিমধ্যেই তুষারঝড়ের সতর্কতা জারি করেছে। তবে তিব্বতে পর্যটকরা আটকা পড়েছেন কি না সরকারি সূত্র থেকে তা জানা যায়নি। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই সপ্তাহে টিংরিতে তাপমাত্রা আরও নেমে যেতে পারে ফ্রিজিং পয়েন্টের নিচে। তাই পর্যটক ও ট্রেকারদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, অক্টোবরেই তিব্বতের এভারেস্টের পূর্বমুখে এক বিধ্বংসী তুষারঝড়ে শতাধিক পর্যটক আটকা পড়েছিল। কয়েক দিনের দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানের পর সবাইকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়। এবার পরিস্থিতি তার পুনরাবৃত্তি হতে পারে, তাই কর্তৃপক্ষ এবং উদ্ধারকর্মীরা বিশেষ সতর্ক। নেপাল ও তিব্বতের স্থানীয় প্রশাসন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়িয়েছে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘মান্থা’ ইতিমধ্যেই ভারতের দক্ষিণ-পূর্ব রাজ্য অন্ধ্রপ্রদেশে তাণ্ডব চালাচ্ছে। ভারী বৃষ্টি ও ঝোড়ের কারণে ইতিমধ্যেই ৫০,০০০ ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ শিবিরে স্থানান্তর করতে হয়েছে। হিমালয়ের উপরেও যে এ ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে, তা বোধহয় ভাবতে পারেনি রোমাঞ্চপ্রেমী হিমালয় আহরণকারীরা।
❤ Support Us






