Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৮, ২০২৬

ইউপিআই লেনদেনে অতিরিক্ত চার্জে আপাতত স্থগিতাদেশ নয়, কেন্দ্রের সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউপিআই লেনদেনে অতিরিক্ত চার্জে আপাতত স্থগিতাদেশ নয়, কেন্দ্রের সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট

২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে এমডিআর বা অতিরিক্ত চার্জের উপর আপাতত কোনোরকম স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। ফলে কেন্দ্রের ঘোষিত নতুন মাশুল কাঠামো নির্ধারিত সময় অনুযায়ী কার্যকর হওয়ার পথে কোনও আইনি বাধা থাকল না। কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন আইনজীবী অঞ্জন দত্ত। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়।

শুনানিতে কেন্দ্রের হয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এন বেঙ্কটরামন। তিনি আদালতকে জানান, আগামী ১৫ অক্টোবর থেকে নতুন মাশুল কাঠামো কার্যকর হবে। তাঁর বক্তব্য, ইউপিআই-এর প্রায় ৯৬ শতাংশ লেনদেনের ক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য হবে না। পাশাপাশি, অত্যাবশ্যকীয় পরিষেবার ক্ষেত্রে মাশুল সর্বোচ্চ ৫ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে বলেও তিনি জানান। এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, কেন্দ্রকে এই বিষয়গুলি হলফনামার মাধ্যমে আদালতের কাছে জানাতে হবে। তাঁর পর্যবেক্ষণ, বিষয়টির ক্ষেত্রে আইনি প্রশ্নের তুলনায় প্রযুক্তিগত বিষয়ই বেশি গুরুত্বপূর্ণ। বিচারপতি জয়মাল্য বাগচীও কেন্দ্রের কাছে জানতে চান, প্রস্তাবিত অর্থ আদায়টি আদৌ কোনো ‘শুল্ক’, নাকি ‘ফি’। তিনি প্রশ্ন করেন, এটি যদি ফি না হয়, তা হলে এই মাশুল আদায়ের আইনি ভিত্তি কী?

এ দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্র, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং মামলার সঙ্গে যুক্ত অন্যান্য পক্ষকে নোটিস পাঠিয়েছে। ২,০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে মাশুল বসানোর সিদ্ধান্ত কীসের ভিত্তিতে নেওয়া হয়েছে, তা আদালত জানতে চেয়েছে। এই বিষয়ে কেন্দ্র, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অন্যান্য পক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মামলাকারীর আইনজীবী আদালতের কাছে আবেদন করেন, সংশ্লিষ্ট হলফনামাগুলি জমা না দেওয়া পর্যন্ত কেন্দ্রের সিদ্ধান্তের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক। তবে মামলার এই পর্যায়ে সেই আবেদন গ্রহণ করেনি প্রধান বিচারপতির বেঞ্চ।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ব্যবস্থায় ২,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক বা পরিষেবা প্রদানকারী সিস্টেমকে কোনও মাশুল দিতে হবে না। একই সঙ্গে রু-পে ডেবিট কার্ডের মাধ্যমে করা সমস্ত লেনদেনও সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। নতুন এমডিআর কাঠামো অনুযায়ী, ২,০০০ টাকার বেশি সরাসরি ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে বিক্রেতার উপরে ০.৪ শতাংশ হারে মাশুল ধার্য করা হবে। এই অর্থ বিক্রেতাকে তাঁর ‘অ্যাকোয়ারিং ব্যাঙ্ক’-কে দিতে হবে। অ্যাকোয়ারিং ব্যাঙ্ক হল সেই ব্যাঙ্ক, যার মাধ্যমে কোনও ব্যবসায়ী বা বিক্রেতা গ্রাহকের কাছ থেকে পেমেন্ট গ্রহণ করেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ মাশুলের সীমাও নির্ধারণ করা হয়েছে। ৭৫,০০০ টাকা বা তার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রে এমডিআর-এর সর্বোচ্চ সীমা বা ক্যাপ হবে ৩০০ টাকা।

তবে এমডিআর চালু হওয়ার অর্থ এই নয় যে এই অতিরিক্ত খরচ সরাসরি গ্রাহকদেরই বহন করতে হবে। মাশুলের কাঠামো মূলত ব্যবসায়ী ও পেমেন্ট ব্যবস্থার সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে প্রযোজ্য হবে। ফলে আপাতত ২০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই লেনদেনে এমডিআর চালুর কেন্দ্রীয় সিদ্ধান্ত কার্যকর হওয়ার পথেই রয়েছে। তবে এই মাশুল আরোপের আইনি ও প্রযুক্তিগত ভিত্তি নিয়ে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে কেন্দ্র, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অন্যান্য পক্ষের হলফনামার ভিত্তিতে বিষয়টি আরও স্পষ্ট হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!