Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২২, ২০২৫

ইউপিএসসি ২০২৪-এর ফলাফল প্রকাশিত । উত্তীর্ণ ১০০৯ জন

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউপিএসসি ২০২৪-এর ফলাফল প্রকাশিত । উত্তীর্ণ ১০০৯ জন

ইউপিএসসি সিভিল সার্ভিস ২০২৪-এর ফলাফলে সারা ভারতে প্রথম স্থান অধিকার করেছেন শক্তি দুবে। দ্বিতীয় স্থানে আছেন হর্ষিতা গয়াল আর তৃতীয় স্থানে ডংগ্রে আর্চিত পরাগ।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি ভারতের অন্যতম ও পৃথিবীর দ্বিতীয় কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা হিসাবে পরিগণিত হয়। বছরের পর বছর ধরে চাকরীপ্রত্যাশিরা এ পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের হাতেই ভারতবর্ষের প্রশাসনিক দায়ভার পড়ে। কেউ আইএএস কর্মকর্তা হিসাবে জেলা প্রশাসক হন কেউ বা আইপিএস হয়ে পুলিশ সার্ভিসের উঁচু পদে যোগ দেন, কেউ বা আইএফএস হিসাবে বিদেশে ভারতের কর্মকাণ্ড সামলান। দায়িত্ব বড়ো, মর্যাদা বড়ো; অতএব লড়াইও সেখানে বেশি। নিয়োগ প্রক্রিয়ায় তিনটি মূল ধাপ রয়েছে: প্রিলিমিনারি পরীক্ষা, মেইনস পরীক্ষা আর ব্যক্তিত্ব পরীক্ষা বা সাক্ষাৎকার। সমস্ত ধাপের ফলাফলের উপর ভিত্তি করে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হয়।

মঙ্গলবার, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সিভিল সার্ভিসেস পরীক্ষা-২০২৪ এর ফলাফল ঘোষণা করেছে। যে সব প্রার্থী মূল পরীক্ষা ও ইন্টারভিউতে অংশগ্রহণ করেছেন, তারা তাদের ফলাফল দেখতে ইউপিএসসির-র সরকারি ওয়েবসাইট upsc.gov.in-এ গিয়ে দেখে নিতে পারেন।

এবছরের ফলাফলে সারাভারতের নিরিখে প্রথম স্থান অধিকার করেছেন শক্তি দুবে। দ্বিতীয় স্থানে আছেন হর্ষিতা গয়াল আর তৃতীয় স্থানে ডংগ্রে আর্চিত পরাগ। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ১০০৯ জন প্রার্থীকে ভারতীয় প্রশাসনিক সেবা বা আইএএস, ভারতীয় বিদেশ সেবা বা আইএফএস, ভারতীয় পুলিশ সেবা বা আইপিএস এবং বিভিন্ন গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’ কেন্দ্রীয় সেবায় নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ২৪১ জন সুপারিশকৃত প্রার্থীর চাকরি পাওয়ার বিষয়ে কিছু শর্ত রাখা হয়েছে এবং ১ জন প্রার্থীর ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে।

২০২৪ সালের ১৬ জুন ইউপিএসসি সিভিল সার্ভিস-২০২৪-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। মোট ৯,৯২,৫৯৯ জন প্রার্থী এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে ৫,৮৩,২১৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে, মোট ১৪,৬২৭ জন প্রার্থী মেইনস পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য  যোগ্য হন, ২০২৪-এর ২০ থেকে ২৯ সেপ্টেম্বর সে পরীক্ষা হয়। সেখান থেকে মাত্র ২,৮৪৫ জন প্রার্থী ইন্টারভিউ বা ব্যক্তিত্ব পরীক্ষার জন্য যোগ্য হন। ৭ জানুয়ারি থেকে ১৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হয়েছিল। ইউপিএসসির তথ্য অনুযায়ী পাশ করা শীর্ষ ১০ প্রার্থী হলেন; শক্তি দুবে, হর্ষিতা গয়াল, ডংগ্রে আর্চিত পরাগ, শাহ মার্গি চিরাগ, আকাশ গর্গ, কোমল পুনিয়া, আয়ুষী বানশাল, রাজ কৃষ্ণ ঝাঁ, আদিত্য বিক্রম আগরওয়াল ওময়ঙ্ক ত্রিপাঠী।

উল্লেখ্য,  যে সমস্ত প্রার্থীরা তাদের পরীক্ষা বা নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে কোনো তথ্য বা স্পষ্টতা চায়, তারা ইউপিএসসির কর্মকর্তাদের সঙ্গে কর্মদিবসে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফোনে বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। ফোন নম্বরগুলো হলো ২৩৩৮৫২৭১ / ২৩৩৮১১২৫ / ২৩১৯৮৫৪৩। ফলাফল ঘোষণা হওয়ার ১৫ দিনের মধ্যে তাদের নম্বর ওয়েবসাইটে দেওয়া হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!