- এই মুহূর্তে বি। দে । শ
- ডিসেম্বর ১৫, ২০২৫
ভারতীয় এইচ–১বি ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং শুরু
আজ থেকে এইচ–১বি এবং তার ওপর নির্ভরশীল এইচ–৪ ভিসা আবেদনকারীদের স্ক্রিনিং এবং যাচাইকরণ শুরু করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল পরীক্ষাও অন্তর্ভুক্ত থাকবে। এক নতুন আদেশে মার্কিন পররাষ্ট্র দফচর জানিয়েছে যে, ১৫ ডিসেম্বর থেকে সমস্ত এইচ–১বি ভিসা আবেদনকারী এবং তাদের নির্ভরশীলদের অনলাইন উপস্থিতির পর্যালোচনা করা হবে। শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ ভিজিটররা ইতিমধ্যেই এই পর্যালোচনার আওতায় ছিল এবং এখন বিভাগটি এইচ–১বি আবেদনকারী এবং এইচ–৪ ভিসায় তাদের নির্ভরশীলদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল যাচাই করার জন্য এই নিয়ম চালু করেছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই যাচাই–বাছাই সহজতর করার জন্য এইচ–১বি এবং তাদের নির্ভরশীলদের (এইচ–৪) এফ, এম এবং জে নন–ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদনকারীদের তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্রোফাইলের গোপনীয়তা সেটিংস ‘পাবলিক’ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’ এফ, এম এবং জে ভিসাগুলি ছাত্র এবং দর্শনার্থীরা মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ব্যবহার করে।
সোশ্যাল মিডিয়া প্রোফাইল যাচাইয়ের এই নতুন নির্দেশিকার পরিপ্রেক্ষিতে ভারতে বেশ কয়েকজন এইচ–১বি ভিসাধারীর সাক্ষাৎকারের সময়সূচী পুনঃনির্ধারণ করা হয়েছে। মার্কিন ভিসা অধিকার নয়, একটা বিশেষাধিকার, তা বোঝাতে পররাষ্ট্র দফতর বলেছে যে তারা ভিসা স্ক্রিনিং এবং ভেটিংয়ের সমস্ত উপলব্ধ তথ্য ব্যবহার করে আমেরিকায় প্রবেশের অযোগ্য ভিসা আবেদনকারীদের সনাক্ত করে, যারা দেশের জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
বিবৃতি বলা হয়েছে, ‘আমরা সব ভিসা আবেদনকারীদের পুঙ্খানুপুঙ্খ যাচাই করি। যার মধ্যে এফ, এম, এবং জে নন–ইমিগ্র্যান্ট শ্রেণীবিভাগে সব ছাত্র এবং দর্শনার্থী আবেদনকারীদের অনলাইন উপস্থিতি পর্যালোচনা অন্তর্ভুক্ত। প্রতিটি ভিসার সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্রকে ভিসা প্রদান প্রক্রিয়ার সময় সতর্ক থাকতে হবে, যাতে নিশ্চিত করা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদনকারীরা আমেরিকানদের এবং আমাদের জাতীয় স্বার্থের ক্ষতি করবে না। সমস্ত আবেদনকারীকে বিশ্বাসযোগ্যভাবে ভিসার জন্য তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে।’
নতুন নির্দেশিকাটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন সংক্রান্ত কঠোর ব্যবস্থার সর্বশেষ পদক্ষেপ। এইচ–১বি ভিসা প্রোগ্রামের অপব্যবহার রোধে প্রশাসন ব্যাপক কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশী কর্মী নিয়োগের জন্য কোম্পানিগুলি, বিশেষ করে প্রযুক্তি সংস্থাগুলি দ্বারা ব্যবহৃত হয়। প্রযুক্তি কর্মী এবং চিকিৎসকসহ ভারতীয় পেশাদাররাই এইচ–১বি ভিসাধারীদের মধ্যে সবচেয়ে বড় অংশ।
এই বছরের সেপ্টেম্বরে মার্কিন প্রেসিজেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ–১বি ভিসা প্রোগ্রাম সংস্কারের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কিছু নন–ইমিগ্র্যান্ট কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে একটা ঘোষণা জারি করেন। এই ঘোষণায় ট্রাম্প প্রশাসন নতুন এইচ–১বি ওয়ার্ক ভিসার জন্য এককালীন ১০০০০০ মার্কিন ডলার ফি ঘোষণা করেছে, যা অস্থায়ী ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করতে আগ্রহী ভারতীয় পেশাদারদের ওপর প্রভাব ফেলতে পারে। আফগান নাগরিক কর্তৃক ন্যাশনাল গার্ড সৈন্যদের গুলি করার ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন তৃতীয় বিশ্বের ১৯টি দেশের অভিবাসীদের জন্য গ্রিন কার্ড, মার্কিন নাগরিকত্ব এবং অন্যান্য অভিবাসন আবেদন তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে।
❤ Support Us






