- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ৫, ২০২৫
আমেরিকা থেকে অমৃতসর — অবৈধবাসী ভারতীয়দের নিয়ে নামল মার্কিন সামরিক বিমান
১০৪ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে নামল মার্কিন সেনার বিমান। মঙ্গলবার টেক্সাস থেকে উড়েছিল বিমানটি। অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তাই আগেই সতর্ক করা হয় পুলিশকে। এখনও পর্যন্ত ছটি বিমানে আমেরিকা থেকে বের করা হয়েছে ‘অবৈধ’ অভিবাসীদের।
অমৃতসর বিমানবন্দরে নামল মার্কিন বায়ুসেনার বিমান। বুধবার দুপুর ১ টা ৫৫ মিনিটে অমৃতসরের শ্রী গুরুদাস রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বায়ুসেনার সি-১৭ বিমান অবতরণ করেছে। এমনিতে প্রাথমিকভাবে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল যে ২০৫ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরানো হচ্ছে। যদিও এদিন ১০৪ জনকে নামতে দেখা গেল। মনে ক্রয়া হচ্ছে, প্রথম দফায় এই ১০৪ জনকে পাঠানো হল ভারতে। এর পরে ক্রমে ক্রমে বাকিদের পাঠানো হবে। আগে যদিও একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, ২০০ জন অবৈধবাসী ভারতীয় মার্কিন সেনার বিমানে উঠেছেন। সূত্রের খবর, যে ব্যক্তিদের ফেরানো হয়েছে, তাঁদের মধ্যে ৩৩ জন হরিয়ানার বাসিন্দা। ৩৩ জন আদতে গুজরাটে থাকতেন। ৩০ জন পাঞ্জাবের বাসিন্দা। তিনজন করে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের বাসিন্দা। চণ্ডীগড়ের বাসিন্দা দু’জন। যদিও সরকারিভাবে বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি।
বিমানে সওয়ার প্রত্যেকের পরিচয় খতিয়ে দেখে তবেই মাটিতে নামতে দেওয়া হয়েছে। এ বিষয়ে নয়াদিল্লির সক্রিয়তা স্পষ্ট। নিরাপত্তা সুনিশ্চিত করতে এদিন সেখানে উপস্থিত ছিলেন পুলিশ এবং প্রশাসনের কর্তারা। নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের এক প্রতিনিধিও উপস্থিত ছিলেন বিমানবন্দরে। ধারণা করা হচ্ছে, এই অবৈধবাসী ভারতীয়দের বেশির ভাগই ধরা পড়েছেন মেক্সিকো-আমেরিকা সীমান্তে। যদিও দেশে ফেরবার পর আর তাঁদেরকে কোনো শাস্তির সম্মুখীন হতে হবে না। কারণ তাঁদের বিরুদ্ধে ভারতীয় আইন লঙ্ঘন করার কোনও অভিযোগ নেই। সূত্র অনুয়াযী, এই ব্যক্তিরা আইন মেনেই ভারত ছেড়েছিলেন। কিন্তু পরে বেআইনি ভাবে আমেরিকায় প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন। পাসপোর্ট না থাকলে এই অবৈধবাসী ভারতীয়দের আঙুলের ছাপ দেখে শনাক্ত করা হবে।
দ্বিতীয়বারের জন্য ক্ষমতা দখলের করার পর থেকেই একাধিক নয়া ফরমানে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। ‘অবৈধ অধিবাসীদের’ দেশে ফেরানোর ইস্যু নিয়ে দ্রুততার সঙ্গে এগোতে চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন, যাদের মধ্যে ভারতীয়রাও অন্তর্ভুক্ত। ইতিমধ্যে প্রায় ২০ হাজারের বেশি ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের ফেরত পাঠানোর কাজে পেন্টাগনে আমেরিকার সামরিক সদর দফতর থেকে সাহায্য নিচ্ছে ওয়াশিংটন। রয়টার্স জানিয়েছে, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে পেন্টাগন থেকে বিমান দেওয়া হচ্ছে। এল পাসো, সান দিয়েগো, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া থেকে ধৃত বিভিন্ন দেশের প্রায় পাঁচ হাজারেরও বেশি ‘নাগরিক’কে নিজ নিজ দেশে ফেরাতে আমেরিকার সামরিক বাহিনীর বিমান ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি সম্প্রতি গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশে সারিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছিল, এবার ভারতীয়দের দেশে পাঠানোর কাজ শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ নীতির অধীনে তিনি ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ঘোষণা করেছিলেন যে, তিনি লাখ লাখ অভিবাসীকে বহিষ্কার করবেন এবং দক্ষিণে মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবেন। দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই মার্কিন কংগ্রেস একটি বিল পাস করে। এই আইনের আওতায় যেসব অবৈধ অভিবাসী অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এবং নির্দিষ্ট অপরাধে অভিযুক্ত হয়, তাদের আটক ও বহিষ্কার বাধ্যতামূলক করা হয়। এমনকি নির্বাচনী প্রচারের সময়ও ট্রাম্প বলেছিলেন, ‘আমি পুনরায় নির্বাচিত হলে, আমরা যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম বহিষ্কার অভিযান শুরু করব।’
পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল গৌরব যাদব মঙ্গলবার জানিয়েছিলেন, রাজ্য সরকার ওই অবৈধবাসীদের বিমানবন্দরে গ্রহণ করবে। সেখানে তাঁদের সাহায্যের জন্য একটি কাউন্টারও খোলা হবে। এই ‘বিতাড়িত’ ভারতীয়দের ফেরানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাঞ্জাবের প্রবাসী ভারতীয় বিষয়ক মন্ত্রী কুলদীপ সিংহ ঢালিওয়াল। এ নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। তাঁর দাবি, আমেরিকা সরকারের এই অবৈধবাসীদের বৈধ নাগরিকত্ব দেওয়া উচিত ছিল। কারণ ওই দেশের অর্থনীতিতে তাঁদের অবদান রয়েছে। তাঁর আরও দাবি, অনেক ভারতীয়ই আমেরিকায় কাজ করার বৈধ অনুমতি নিয়ে প্রবেশ করেছিলেন। পরে সেই ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় অবৈধ নাগরিকে পরিণত হয়েছেন। পাঞ্জাব সরকার অবশ্য জানিয়েছে, ফিরে আসা ভারতীয়দের মধ্যে যাঁরা সে রাজ্যের বাসিন্দা তাঁদের সবরকম সহায়তা করা হবে। তবে তার আগে সকলের নথিপত্র খতিয়ে দেখা হবে। তাদের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা রয়েছে কি না তা দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। এর আগে বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছিলেন, ‘বিশ্বের যেকোনও প্রান্তে থাকা ভারতীয়দের জন্য দেশের দরজা সব সময় খোলা। শুধু আমেরিকা নয় আমরা চাই, যেকোনও দেশেই আমাদের নাগরিকরা বৈধভাবে থাকুন। যদি আমাদের কাছে খবর আসে কোথাও ভারতীয়রা অবৈধভাবে রয়েছেন তাহলে আমরা সবসময় তৈরি তাঁদের ফিরিয়ে নেওয়ার জন্য।’
উল্লেখ্য, গত সোমবার নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের। তারপরেই মার্কিন রাষ্ট্রপতি বলেন, ‘অভিবাসন নিয়ে কথা হয়েছে মোদির সঙ্গে। অভিবাসীদের ফেরানোর ক্ষেত্রে ভারত সঠিক পদক্ষেপই করবে।’ ফেব্রুয়ারিতে ২ দিনের প্যারিস সফর শেষে আমেরিকায় যাবেন মোদি। ১৩ তারিখ হতে পারে ‘পুরনো বন্ধু’ ট্রাম্পের সঙ্গে মোলাকাত। শুল্কনীতি, সামরিক অস্ত্র, বিদেশনীতির একাধিক বিষয় উঠে আসতে পারে তাঁদের আলোচনায়। আমেরিকায় অবৈধ ভারতীয় অধিবাসীদের দেশে ফেরানো নিয়ে ইতিমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি।
❤ Support Us








