Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১০, ২০২৬

উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, খসড়া থেকে বেড়েছে ৮৪ লক্ষ নাম, ছাঁটাই ২ কোটি ভোটার

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, খসড়া থেকে বেড়েছে ৮৪ লক্ষ নাম, ছাঁটাই ২ কোটি ভোটার

উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শুক্রবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া এই তালিকা প্রকাশ করেন। তিনি জানান, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে এবং আইন মেনে বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোনও ভোটারের নাম নির্ধারিত আইনি পদ্ধতি ছাড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়নি বলেও আশ্বস্ত করেন তিনি।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, উত্তরপ্রদেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২। এর আগে, গত ৬ জানুয়ারি প্রকাশিত খসড়া তালিকায় ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৫৫ লক্ষ ৫৬ হাজার ২৫। অর্থাৎ, খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় ৮৪ লক্ষ ২৮ হাজার ৭৬৭ জন ভোটার বেড়েছে। তবে কমিশনের তথ্য অনুযায়ী, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে রাজ্যে মোট ভোটার ছিল ১৫ কোটি ৪৪ লক্ষ ৩০ হাজার ৯২। সেই হিসেবে চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা কমেছে ২ কোটি ৪ লক্ষ ৪৫ হাজার ৩০০।

নির্বাচন কমিশনের মতে, ভোটার সচেতনতা বৃদ্ধি এবং এসআইআর সংক্রান্ত প্রচার কর্মসূচির সাফল্যের ফলেই খসড়া তালিকার তুলনায় ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, প্রয়াগরাজ, লখনউ, বরেলী, গাজ়িয়াবাদ এবং জৌনপুরে খসড়া তালিকার তুলনায় ভোটার বৃদ্ধির হার সবচেয়ে বেশি। মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, যদি কোনও যোগ্য ভোটারের নাম এখনও তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে, তবে তিনি ফর্ম ৬ পূরণ করে আবেদন করতে পারবেন। এছাড়া, চূড়ান্ত তালিকা নিয়ে কারও আপত্তি থাকলে আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলাশাসকের দফতরে তা জানানো যাবে। রাজ্যের বাসিন্দাদের নিজেদের নাম যাচাই করার জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার আবেদন জানানো হয়েছে।

এদিকে, পশ্চিমবঙ্গেও এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় এবং পরবর্তীতে ধাপে ধাপে একাধিক অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারকদের তত্ত্বাবধানে বিবেচনাধীন তালিকার নিষ্পত্তি হয়েছে। এই প্রক্রিয়ায় রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!