Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২০, ২০২৫

বন্দে ভারতের ধাক্কায় মৃত একই পরিবারে ৩ জন, একজনের অবস্থা আশঙ্কাজনক

আরম্ভ ওয়েব ডেস্ক
বন্দে ভারতের ধাক্কায় মৃত একই পরিবারে ৩ জন, একজনের অবস্থা আশঙ্কাজনক

‌বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল একি পরিবারের ৩ জনের। একজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বিহারের রাজধানী পাটনার সংলগ্ন বারহ মহকুমার পান্ডারখ থানা এলাকার মামরাখা বাদ স্টেশনে।
ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধেয়। একই পরিবারের চার সদস্য তাদের মেয়ের ‘‌শোগুন’‌ (উপহার) নিয়ে হরনৌত থেকে গোপাকিতা গ্রামে যাচ্ছিলেন। এরা হলেন জিতু মাঝি, রীতলাল মাঝি, গোবিন্দ মাঝি ও জগলাল মাঝি। সন্ধের সময় মামরাখা বাদ স্টেশনের কাছে রেললাইন পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা বন্দে ভারত তাদের ধাক্কা মারে। রেল লাইন পার হওয়ার সময় মোকাম থেকে পাটনাগামী বিক্রমশীলা এক্সপ্রেস আপ লাইনে এসে পড়ে। পরিবারের ওই চারজন তখন ডাউন লাইনে চলে যায়। সেই সময় বন্দে ভারত ডাউন লাইনে চলে আসে। বন্দে ভারতের ধাক্কায় ঘটনাস্থলে তিন জনের মৃত্য হয়। মৃতরা হলেন জিতু মাঝি, রীতলাল মাঝি ও গোবিন্দ মাঝি। জগলাল মাঝি গুরুতর জখম হন। রেলওয়ে ব্রিজের তলা জলমগ্ন হওয়ার কারণে তাঁরা রেল লাইন পার হচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে।
বন্দে ভারতের ধাক্কায় মৃত্যুর খবর জানাজানি হতেই স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়। তারাই তড়িঘড়ি রেল পুলিশকে খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারহ মহকুমা হাসপাতালে পাঠায়। পান্ডারাক থানার আধিকারিক নবনীত রাই বলেন, ‘‌ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাটি কীভাবে ঘটল তা জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।’‌
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে তিনজনকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। আহত জগলাল মাঝির হাত ও পা আলাদা হয়ে যায়। তাঁকে কোনও রকমে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পাটনার পিএমসি হাসপাতালে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মৃতদেহগুলি পান্ডারাক জনস্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়েছে। রেল পুলিশও দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!