Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৩১, ২০২৫

ট্রায়ালে সফল বন্দে ভারত স্লিপার কোচ, আগামী বছরই যাত্রী পরিষেবা শুরু

আরম্ভ ওয়েব ডেস্ক
ট্রায়ালে সফল বন্দে ভারত স্লিপার কোচ, আগামী বছরই যাত্রী পরিষেবা শুরু

ভারতীয় রেলের আরও এক গর্বের সংযোজন হতে চলেছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। আগামী বছর দেশের প্রথম বন্দে ভারত স্লিপার কোচ যাত্রী ট্রেন চালু হওয়ার কথা, যা হাওড়া থেকে নয়াদিল্লি পর্যন্ত চলবে। তার আগেই এই অত্যাধুনিক ট্রেনের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হল।

মঙ্গলবার কোটা–নাগদা সেকশনে কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)-এর তত্ত্বাবধানে ট্রায়াল রান অনুষ্ঠিত হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, পরীক্ষার সময় ট্রেনটি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে চলেছে এবং কিছু সময়ের জন্য গতি বেড়ে ১৮২ কিলোমিটার প্রতিঘণ্টায় পৌঁছয়। এই উচ্চ গতিতেও যাত্রার স্থিতিশীলতা যাচাই করা হয় জল ভর্তি গ্লাস ব্যবহার করে। আধিকারিকদের দাবি, এত দ্রুত গতিতে চলার পরেও এক ফোঁটা জলও ছিটকে পড়েনি, যা ট্রেনটির আরামদায়ক ও মসৃণ যাত্রার প্রমাণ।

রেলমন্ত্রী এই ট্রায়াল রানের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানান, এতে বন্দে ভারত স্লিপার ভেরিয়েন্টের উন্নত প্রযুক্তিগত সক্ষমতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেন সাধারণ বন্দে ভারত এক্সপ্রেসের থেকে আলাদা। বর্তমানে চলমান বন্দে ভারত ট্রেনগুলিতে কেবল চেয়ার কার কোচ থাকে এবং সেগুলি মূলত দিনের বেলায় চলাচল করে। কিন্তু বন্দে ভারত স্লিপার ট্রেন রাতের যাত্রা ও দীর্ঘ দূরত্বের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে।

এই ট্রেনে মোট ১৬টি কোচ থাকবে এবং সবকটিই হবে এসি থ্রি-টিয়ার স্লিপার কোচ। রাজধানী এক্সপ্রেসের তুলনায় এই ট্রেন প্রায় দেড় থেকে পৌনে দু’ঘণ্টা আগে দিল্লি পৌঁছতে পারবে বলে আশা করা হচ্ছে। অত্যাধুনিক এই কোচগুলি তৈরি হয়েছে ভারতীয় রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF)।

আধিকারিকরা জানিয়েছেন, ট্রায়াল রানে যাত্রার আরাম, গতি, স্থিতিশীলতা ও অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ প্যারামিটার সফলভাবে উত্তীর্ণ হয়েছে। তবে যাত্রী পরিষেবা শুরুর আগে আরও কয়েক দফা ট্রায়াল রান করা হতে পারে। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু হলে দূরপাল্লার রেলযাত্রায় গতি, আরাম ও আধুনিকতার এক নতুন দিগন্ত খুলবে বলেই মনে করছে রেলমহল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!