- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১২, ২০২৬
প্রয়াত সমীর পুততুণ্ড
প্রয়াত হলেন বর্ষীয়ান বামপন্থী নেতা ও দক্ষ সংগঠক সমীর পুততুণ্ড। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। রবিবার রাত সওয়া ১১টা নাগাদ দক্ষিণ শহরতলির মুকুন্দপুকুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন।
সমীর পুততুণ্ডর স্ত্রী তথা পিডিএস নেত্রী অনুরাধা পুততুণ্ড জানিয়েছেন, প্রয়াত নেতার মরদেহ দক্ষিণ ২৪ পরগনায় তাঁর আদি বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
বাম রাজনীতির এক পরিচিত মুখ ছিলেন সমীর পুততুণ্ড। তিনি দীর্ঘদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার সিপিএম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেন। তবে দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে ২০০১ সালের বিধানসভা নির্বাচনের আগে সইফুদ্দিন চৌধুরীর সঙ্গে সিপিএম ছেড়ে বেরিয়ে আসেন তিনি। এরপর তিনি নতুন দল পিডিএস (পার্টি অফ ডেমোক্র্যাটিক সোশ্যালিজ়ম) গঠন করেন। সেই বছরই যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন সমীর পুততুণ্ড, যদিও ভোটে তিনি উল্লেখযোগ্য সাফল্য পাননি।
পরবর্তী সময়ে সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন এই বর্ষীয়ান বামপন্থী নেতা। সেই আন্দোলনের সূত্রেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ডকে হারিয়ে আমি খুবই মর্মাহত বোধ করছি। মনে হচ্ছে, আমি নিজের কাউকে হারালাম। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে একসাথে কাজ করেছি।
অনুরাধাদিকে সান্ত্বনা জানানোর ভাষা নেই, তবুও সর্বদা পাশে আছি।
— Mamata Banerjee (@MamataOfficial) January 11, 2026
সমীর পুততুণ্ডর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া শোকবার্তায় তিনি লেখেন, “একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ডকে হারিয়ে আমি খুবই মর্মাহত বোধ করছি। মনে হচ্ছে, আমি নিজের কাউকে হারালাম। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে একসঙ্গে কাজ করেছিলাম। অনুরাধাদিকে সান্ত্বনা জানানোর ভাষা নেই, তবুও সর্বদা পাশে আছি।”
বর্ষীয়ান এই নেতার প্রয়াণে রাজ্যের রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
❤ Support Us






