Advertisement
  • দে । শ
  • মার্চ ৬, ২০২৬

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক, হুমকি মেল পেয়ে তৎপর পুলিশ। তল্লাশি বম্ব স্কোয়াডের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক, হুমকি মেল পেয়ে তৎপর পুলিশ। তল্লাশি বম্ব স্কোয়াডের

কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ঘিরে ফের বোমাতঙ্ক ছড়াল। বিস্ফোরণের হুমকি দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের কাছে একটি ইমেল পাঠানো হয়েছে বলে অভিযোগ। শুক্রবার এই হুমকির বিষয়ে হেস্টিংস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কর্তৃপক্ষ। অভিযোগ পাওয়ার পরই দ্রুত তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন।

লালবাজার থেকে ঘটনাস্থলে পাঠানো হয় বম্ব স্কোয়াড। নিরাপত্তার স্বার্থে ভিক্টোরিয়া মেমোরিয়ালের চত্বর খালি করে দেওয়া হয় এবং শুরু হয় বিস্তৃত তল্লাশি অভিযান। বোমা নিষ্ক্রিয়কারী দল এবং পুলিশ যৌথভাবে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরেই কলকাতা ও জেলার একাধিক জায়গায় ধারাবাহিকভাবে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হচ্ছে। এর আগে কলকাতার নগরদায়রা আদালত এবং রুবি এলাকার পাসপোর্ট অফিসেও একই ধরনের হুমকি মেল পৌঁছায়, যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই ঘটনার তদন্তভার নেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তবে এখনও পর্যন্ত এই হুমকি ইমেল পাঠানোর ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি এবং ইমেলগুলি কোথা থেকে পাঠানো হচ্ছে তাও স্পষ্ট হয়নি।

এদিকে কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক জেলাতেও সাম্প্রতিক সময়ে একই ধরনের হুমকি ইমেল পাঠানো হয়েছে। বিশেষ করে বিভিন্ন পোস্ট অফিসে অবস্থিত পাসপোর্ট দফতরগুলিকে লক্ষ্য করে এই ইমেলগুলি পাঠানো হচ্ছে বলে অভিযোগ। অধিকাংশ মেলেই দাবি করা হচ্ছে যে সংশ্লিষ্ট দফতরে বোমা রাখা হয়েছে এবং আরডিএক্স দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে গোটা এলাকা উড়িয়ে দেওয়া হবে।

যদিও এখনও পর্যন্ত পাওয়া সমস্ত হুমকিই শেষ পর্যন্ত ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। তবুও কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। প্রতিটি হুমকিকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং নিরাপত্তা বিধি মেনে এলাকা ফাঁকা করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। প্রতিদিন বহু দেশি-বিদেশি পর্যটক সেখানে ভ্রমণে আসেন এবং সংগ্রহশালা ঘুরে দেখেন। তাই এমন একটি গুরুত্বপূর্ণ পর্যটনস্থলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাতেও সম্প্রতি একাধিক বোমাতঙ্কের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাসিন্দা সৌরভ বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই ধরনের হুমকির পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তার সূত্র মিলতে পারে বলে মনে করছিল কলকাতা পুলিশের এসটিএফ। এর মধ্যেই ফের নতুন করে হুমকি ইমেল আসায় উদ্বেগ আরও বেড়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!