Advertisement
  • দে । শ
  • মার্চ ৩১, ২০২৬

প্রার্থী মনোনয়ন ঘিরে হাতশিবিরে ক্ষোভ মন্তেশ্বর

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রার্থী মনোনয়ন ঘিরে হাতশিবিরে ক্ষোভ মন্তেশ্বর

মন্তেশ্বর বিধানসভায় কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা হতেই দলের অন্দরে ক্ষোভ প্রকাশ্যে চলে এল। মন্তেশ্বর বিধানসভায় দলের রাজ্য সম্পাদক জ্যোতির্ময় মণ্ডলকে প্রার্থী করেছে কংগ্রেস। প্রার্থীকে ‘শাসক দলের দালাল’ আখ্যা দিয়ে প্রার্থী বদলের দাবিতে মন্তেশ্বরের কুসুমগ্রামে দলীয়  কার্যালয়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীরা। জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মন্তেশ্বরের বাসিন্দা বুলবুল আহমেদ শেখ বললেন, ‘জ্যোতির্ময় মণ্ডল কংগ্রেসের কোনও কর্মসূচিতেই থাকে না। তার স্ত্রী উত্তরা মণ্ডল বর্তমানে মন্তেশ্বর পঞ্চায়েতের তৃণমূলের নির্বাচিত সদস্য। গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস কর্মীরা যখন মার খাচ্ছিলেন, তখন এই জ্যোতির্ময় তার স্ত্রীকে নিয়ে দরজায় দরজায় তৃণমূলের হয়ে ভোট চায়। এখনও সে তৃণমূলের হয়ে প্রচার করে।’ যোগ করেন, ‘এজন্যই আমরা এই প্রার্থীকে মানছি না। প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছি।’ এই দাবিটি সমাজমাধ্যমেও তুলে ধরেছেন বিক্ষুব্ধরা। এ ব্যাপারে জ্যোতির্ময়বাবু বলেন, ‘একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিজের ধ্যানধারণা, আদর্শ অনুযায়ী কোনো রাজনৈতিক দল করতেই পারেন। আর আমি যে দীর্ঘদিন ধরে কংগ্রেসে আছি, দলের জেলা ও রাজ্য কমিটির বহু দায়িত্ব সামলেছি, সেটা সকলেই জানেন।’

কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার প্রার্থী তালিকায় পুরনো, দুর্দিনে মাটি কামড়ে পড়ে থাকা নেতাদেরই প্রাধান্য। জেলা কংগ্রেসের সভাপতি ধূর্জটিবিজয় মাঝি লড়ছেন ভাতার বিধানসভায়। বর্ধমান দক্ষিণের প্রার্থী দলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি গৌরব সমাদ্দার। দলের রাজ্য সহ-সভাপতি জগদীশ দত্ত মঙ্গলকোট, জেলা সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মণ্ডল পূর্বস্থলী দক্ষিণ, প্রাক্তন জেলা সভাপতি প্রবীর গাঙ্গুলি মেমারি, পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস গলসি থেকে লড়ছেন। জেলা কংগ্রেস সভাপতি ধূর্জটিবিজয় মাঝি বলছিলেন, ‘জেলার সব আসনেই একা লড়বে কংগ্রেস। মানুষ হাত চিহ্নে ভোট দিতে পারবেন জেনে উত্তেজিত। জেলাজুড়ে ভাল সাড়া পাচ্ছি।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!