Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৭, ২০২৬

যতজনের নিষ্পত্তি, ততজনেরই ভোট, কালনায় বার্তা রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের

আরম্ভ ওয়েব ডেস্ক
যতজনের নিষ্পত্তি, ততজনেরই ভোট, কালনায় বার্তা রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের

ভোটার তালিকায় নাম তোলার আবেদন যতগুলো নিষ্পত্তি করা হবে, তাদের সবার ভোটদান সুনিশ্চিত করবে নির্বাচন কমিশন। ভোটের প্রস্তুতি দেখতে কাটোয়া ও কালনার বিভিন্ন এলাকা চক্কর দিয়ে একথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল। বললেন, ‘সোমবার রাত ১২টা পর্যন্ত দ্বিতীয় দফার ভোটে যতজনের আবেদন নিষ্পত্তি হবে, তাদের সবার কাছে ভোটার স্লিপ পৌঁছানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোটাধিকার থেকে কাউকে বঞ্চিত করা হবে না।’ এদিন তিনি জেলার পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন। এলাকার বিভিন্ন বুথ ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বললেন। সেই অভিজ্ঞতা সাংবাদিকদের জানাতে গিয়ে বললেন, ‘প্রথম দফার ভোটারদের সঙ্গে দ্বিতীয় দফার ভোটারদের ভোটদানের সুস্থ প্রতিযোগিতার আবহ তৈরি হয়েছে। প্রথম দফায় ৯৩ শতাংশ ভোট পড়েছে।  তো দ্বিতীয় দফায় তার থেকেও বেশি ভোট পড়তে পাড়ে। আমি কথা বলে জানতে পারছি।’

নির্বাচন কমিশনারের কথায়, ‘আমরা চাই ১০০ শতাংশ ভোট হোক। যত বেশি ভোট হবে প্রতিনিধিত্ব তত জোরাল হবে।’ সেইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, ‘কমিশনের গাইড লাইন যে মানবে না তার কপালে দুঃখ আছে। ভোটদানে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ জানান, ‘দ্বিতীয় দফার নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে আরও কড়া মনোভাব দেখাবে কমিশন।’ যোগ করলেন, ‘কোনও ধমকানি চমকানি বরদাস্ত করা হবে না। ওসবের ওষুধ আমাদের কাছে আছে। দরকার পড়লে ব্যবহার করা হবে।’ আরও জানান, ‘ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোটার ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। সমস্ত বুথের সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে। কোনও সমস্যা হলে সঙ্গেসঙ্গেই সমাধান করা হবে।’ এদিন মুখ্য নির্বাচন কমিশনার কাটোয়ার পানুহাট, মণ্ডলহাট ও একাইহাট এলাকার ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১ ও ২২ নম্বর বুথের বাসিন্দাদের সঙ্গে কথা বললেন। পানুহাট বাজারের পথচলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দাদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

কাটোয়া ও কালনার নির্বাচনের প্রস্তুতির কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। এদিন মনোজ আগরওয়ালের হেলিকপ্টার প্রথমে নামে কাটোয়ায়। কাটোয়ার নির্বাচনী প্রস্তুতি দেখে ও ভোটারদের সঙ্গে কথা বলে তিনি উড়ে যান কালনা। মনোজ আগরওয়াল কালনার মহকুমাশাসক হিসেবে তাঁর চাকরি জীবন শুরু করেন। তাই কালনায় এসে তিনি খানিকটা স্মৃতিকাতর হয়ে পড়েন। কালনা থেকে তিনি বর্ধমানের উদ্দেশে রওনা দেন। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল, জেলা পুলিশ সুপার সায়ক দাস।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!