Advertisement
  • দে । শ
  • জুন ৬, ২০২৬

পুকুরের তলায় অস্ত্রভাণ্ডার ! ‘দাস ব্রাদার্স’-এর খোঁজে সন্দেশখালিতে অভিযান এসটিএফ-এর

আরম্ভ ওয়েব ডেস্ক
পুকুরের তলায় অস্ত্রভাণ্ডার ! ‘দাস ব্রাদার্স’-এর খোঁজে সন্দেশখালিতে অভিযান এসটিএফ-এর

সন্দেশখালির মণিপুর এলাকায় প্রাক্তন তৃণমূল নেতা রবীন দাস ও তাঁর ভাই গোপাল দাসের বাড়ি-সংলগ্ন পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল বেঙ্গল এসটিএফ । গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে ওই এলাকায় অভিযান চালান তদন্তকারীরা । পুকুরে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ১৭টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে । এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে ।

তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রভাণ্ডারের সঙ্গে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত ‘দাস ব্রাদার্স’-এর যোগ থাকতে পারে । তবে অভিযানের পর থেকেই বেপাত্তা প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি রবীন দাস এবং তাঁর ভাই গোপাল দাস ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজ্যে সরকার পরিবর্তনের আগে রবীন ও গোপাল দাস এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছিল । শেখ শাহজাহানের প্রভাব খাটিয়ে তারা সাধারণ মানুষকে ভয় দেখাত এবং নানা অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি স্থানীয়দের । অভিযোগ, এলাকার বহু পুরুষকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হত, নির্দেশ না মানলে চলত বেধড়ক মারধর । এমনকি অনেকের পা ভেঙে দেওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে । ‘দাস ব্রাদার্স’-এর অত্যাচারে বহু পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য হতে হয়েছিল বলেও দাবি করেছেন স্থানীয়রা ।

এদিন এসটিএফের অভিযানে খুশি এলাকাবাসী। তাঁদের দাবি, রবীন ও গোপাল দাসকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক ।

অন্যদিকে, এই অভিযানের পর সামাজিক মাধ্যম X-এ একটি পোস্ট করে এসটিএফের ভূয়সী প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি জানান, কুমরাখালি সরবেড়িয়া বাজার, বাসন্তী এবং সন্দেশখালিতে চালানো অভিযানে বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে । আধিকারিকদের পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে সাধারণ মানুষকে ভয় দেখাতে বেআইনি অস্ত্র মজুত করা হত, যার ফলে বহু বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন ।

মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, সেই অন্ধকার সময় অতীত । বর্তমান সরকার রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং বেআইনি অস্ত্রের মজুত রুখতে বদ্ধপরিকর । রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ভয়ের পরিবেশ তৈরির দিন শেষ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!