- দে । শ প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ২১, ২০২৬
বিনিয়োগ টানতে মুম্বইয়ে মুখ্যমন্ত্রী, বাংলার শিল্প-সম্ভাবনা নিয়ে আম্বানির সঙ্গে বৈঠক
রাজ্যে শিল্প ও বিনিয়োগের গতি বাড়াতে এবার সরাসরি শিল্পপতিদের দরজায় পৌঁছতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাৎ করতে আজই মুম্বই পাড়ি দেবেন তিনি। বাংলায় নতুন বিনিয়োগ আনা এবং রাজ্যে আম্বানি গোষ্ঠীর ব্যবসা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।
মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাতের জন্য আগেই সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই বৈঠক বাস্তবায়িত হতে চলেছে। পশ্চিমবঙ্গে আম্বানি গোষ্ঠীর ইতিমধ্যেই একাধিক ব্যবসায়িক কর্মকাণ্ড রয়েছে। সেগুলিকে আরও সম্প্রসারণের পাশাপাশি রাজ্যে নতুন প্রকল্প ও বিনিয়োগ আনার জন্য মুখ্যমন্ত্রী একাধিক প্রস্তাব দিতে পারেন বলে সূত্রের খবর।
এই বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে পারে আম্বানি গোষ্ঠীর ‘বনতারা’ প্রকল্প। গুজরাটে বন্যপ্রাণীদের জন্য তৈরি এই বৃহৎ উদ্যোগের আদলে পূর্ব ভারতে একটি শাখা খোলার পরিকল্পনা রয়েছে বলে আম্বানি-ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। সেই সম্ভাব্য প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গকে বেছে নেওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রী দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।
উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স অঞ্চল থেকে শুরু করে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম—পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রয়েছে সমৃদ্ধ বনাঞ্চল ও বৈচিত্র্যময় বন্যপ্রাণ। সম্প্রতি পুরুলিয়ায় গিয়ে দক্ষিণবঙ্গে প্রথম একটি অভয়ারণ্য তৈরির কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। ফলে সেই পরিকল্পনার সঙ্গে ‘বনতারা’র সম্ভাব্য পূর্বাঞ্চলীয় শাখাকে যুক্ত করা যায় কি না, তা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর মুম্বই সফরকে অবশ্য শুধু আম্বানি-সাক্ষাতের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে না। রাজ্যে শিল্প ও বিনিয়োগের পরিবেশ তৈরি করতে গত মে মাসে সরকার গঠনের পর থেকেই একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি সরকারের। মুখ্যমন্ত্রীর পাশাপাশি শিল্পমন্ত্রী তাপস রায় এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও বিভিন্ন সময়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন। শিল্পনীতিতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে বলে জানা যাচ্ছে।
সিঙ্গুর থেকে টাটা গোষ্ঠীর সরে যাওয়ার পর দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে শিল্পায়নের গতি নিয়ে প্রশ্ন উঠেছে। সেই পরিস্থিতি বদলাতে এবার বড় শিল্পগোষ্ঠীগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার বিশিষ্ট শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার সঙ্গে বৈঠক করেন শমীক ভট্টাচার্য। বিড়লা গোষ্ঠীর পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক উপস্থিতি রয়েছে। বৈঠকে রাজ্যে আরও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
এর পরেই দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠককে ঘিরে বাড়ছে প্রত্যাশা। বাংলায় নতুন শিল্প, কর্মসংস্থান ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে এই বৈঠকে কী আলোচনা হয় এবং তার বাস্তব ফল কতটা মেলে, সেদিকেই এখন নজর শিল্পমহলের।
❤ Support Us





